সুন্দরবনের কাছে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন
পৃথিবীর সবচেয়ে বড় শ্বাসমূলীয় বন (ম্যানগ্রোভ ফরেস্ট) সুন্দরবনের কাছাকাছি এলাকায় তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে বিজ্ঞান আন্দোলন মঞ্চ বরিশাল। গতকাল শুক্রবার নগরের অশ্বিনীকুমার হল চত্বরে এই মানববন্ধন করা হয়।বিজ্ঞান আন্দোলন মঞ্চের কেন্দ্রীয় সমন্বয়কারী ইমরান হাবিবের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, সুন্দরবনের পাশে তাপবিদ্যুৎকেন্দ্র স্থাপন করলে সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে।বক্তারা বলেন, সুন্দরবন থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে বাগেরহাটে এক হাজার ৮৩৪ একর জমিতে ওই তাপবিদ্যুৎকেন্দ্র গড়ে তোলা হবে। ওই প্রকল্প বাস্তবায়িত হলে বনাঞ্চলের পাশাপাশি কৃষিজমি ধ্বংস হবে। একই সঙ্গে প্রতিবছর সেখান থেকে প্রায় ৩০ লাখ টন কার্বন নিঃসরণ হবে, যা পরিবেশের ওপর মারাত্মক হুমকি হয়ে দেখা দেবে।বক্তারা প্রকল্পটি বাতিলের দাবি জানান।