সুন্দরবনের কাছে প্রাচীন নিদর্শন

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের রেজাকপুরে এ নিদর্শন পাওয়া গেছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেজাকপুরের প্রত্নতাত্ত্বিক স্থাপনা পরিদর্শনে শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

সুন্দরবনের কাছে প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে। এই নিদর্শন প্রায় ১ হাজার ২০০ বছরের পুরোনো হতে পারে বলে ধারণা প্রত্নতাত্ত্বিকদের। খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের রেজাকপুর গ্রামে মন্দিরের মতো দেখতে একটি স্থাপনাসহ বসতির নিদর্শন পাওয়া গেছে। পাওয়া গেছে পোড়া চাল, কড়ি, মূর্তি, টেরাকোটা, মাটির তৈরি বড় কড়াইয়ের আংটাসহ বেশ কিছু নিদর্শন।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনার নেতৃত্বে একটি দল এসব নিদর্শনের সন্ধান পেয়েছে। এলাকাটিতে গত ১২ মার্চ থেকে খননকাজ শুরু হয়। চলতি মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত এই খননকাজ চালিয়ে যাবে প্রত্নতাত্ত্বিক দলটি।

দলটির ধারণা, কপিলমুনি থেকে সাতক্ষীরার তালা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকায় প্রাচীন বসতিসহ ধর্মীয় ও বাণিজ্যিক স্থাপনার নিদর্শন থাকতে পারে। খননসহ অনুসন্ধান চালালে এই নিদর্শনের সন্ধান পাওয়া যেতে পারে বলে তারা আশাবাদী।

‘রেজাকপুর গ্রামে পাওয়া প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো পর্যবেক্ষণ করে আমাদের মনে হয়েছে, তা ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ বছরের পুরোনো। আগে খুলনা, সাতক্ষীরা ও যশোর এলাকায় যেসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে, তার সঙ্গে রেজাকপুরের নিদর্শনের মিল আছে। ফলে পুরো এলাকায় প্রাচীন সভ্যতার নিদর্শন থাকতে পারে বলে আমাদের মনে হচ্ছে।’
আফরোজা খান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনার আঞ্চলিক পরিচালক
খননে পাওয়া কড়ি
ছবি: সংগৃহীত

প্রত্নতাত্ত্বিক দলটির প্রধান আফরোজা খান। তিনি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনার আঞ্চলিক পরিচালক। আফরোজা খান প্রথম আলোকে বলেন, ‘রেজাকপুর গ্রামে পাওয়া প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো পর্যবেক্ষণ করে আমাদের মনে হয়েছে, তা ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ বছরের পুরোনো। আগে খুলনা, সাতক্ষীরা ও যশোর এলাকায় যেসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে, তার সঙ্গে রেজাকপুরের নিদর্শনের মিল আছে। ফলে পুরো এলাকায় প্রাচীন সভ্যতার নিদর্শন থাকতে পারে বলে আমাদের মনে হচ্ছে।’

সুনির্দিষ্টভাবে বয়সকাল জানতে চালসহ অন্যান্য নিদর্শনের বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার উদ্যোগ নিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর।

সুন্দরবনের কাছের এই লবণাক্ত এলাকাটির মানুষের প্রধান পেশা মাছ ধরা ও লবণ চাষ বলে এত দিন মনে করা হতো। কারণ, এই এলাকায় ধান চাষের কোনো প্রমাণ আগে পাওয়া যায়নি। কিন্তু এখন খননে চাল পাওয়া গেল।

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে মধ্যযুগের ইতিহাস নিয়ে গবেষণা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শহিদুল হাসান। তিনি প্রথম আলোকে বলেন, ‘সবশেষ এই আবিষ্কার সম্পর্কে আমি যতটুকু জেনেছি, তাতে মনে হয়েছে, আমাদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলজুড়ে সংগঠিত, পরিকল্পিত বসতিসহ অবকাঠামো গড়ে উঠেছিল। সেখানে নতুন আবিষ্কৃত তিনটি প্রত্নতাত্ত্বিক স্থানের দুটিতে চাল পাওয়া গেছে। তার মানে সেখানে আগে কৃষিকাজ হতো। আমাদের ইতিহাস বইয়ে ওই অঞ্চলের এত প্রাচীন সভ্যতা বা কৃষিকাজ–সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায় না। তাই নিঃসন্দেহে বলা যায়, এই আবিষ্কার আমাদের ইতিহাসের একটি নতুন সংযোজন।’

প্রত্নতাত্ত্বিক নিদর্শন
ছবি: সংগৃহীত

নিদর্শনের বয়স কত

যশোরের কেশবপুরের ভরতভায়না গ্রামে প্রায় দেড় হাজার বছর আগের প্রত্নতাত্ত্বিক স্থাপনা নিদর্শন রয়েছে। রেজাকপুরে আবিষ্কৃত স্থাপনার নকশাসহ অন্য নিদর্শনগুলো প্রায় একই ধরনের বলে জানান গবেষকেরা। এর ভিত্তিতে প্রত্নতাত্ত্বিক দলটির ধারণা, রেজাকপুরের নিদর্শন ১ হাজার ২০০ বছরের পুরোনো হতে পারে। এ ছাড়া সুন্দরবনের ভেতরে শেখেরটেকসহ কয়েকটি স্থানে যেসব স্থাপনা পাওয়া গেছে, তার সঙ্গেও রেজাকপুরের স্থাপনার মিল পাওয়া গেছে।

প্রত্নতাত্ত্বিক গবেষণায় স্থাপত্যনকশা, ইটের মাপ ও অন্যান্য নির্মাণ উপকরণ দেখে তার সম্ভাব্য বয়সকাল নির্ধারণের বিষয়টিকে একটি স্বীকৃত পদ্ধতি হিসেবে গণ্য করা হয়।

রেজাকপুরে কাজ করা প্রত্নতাত্ত্বিক দলকে সহযোগিতা করছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক এ কে এম সাইফুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, সাধারণ প্রাক্‌-মুসলিম শাসনামলে বাংলা অঞ্চলে বড় আকৃতির ইটের ব্যবহার হতো। এই ইটের দৈর্ঘ্য ছিল ১৮ থেকে ২২ সেন্টিমিটার ও ২২ থেকে ৩৬ সেন্টিমিটার। পুরু ৬ সেন্টিমিটার। রেজাকপুরের প্রত্নতাত্ত্বিক স্থাপনার নির্মাণ উপকরণগুলো ওই আমলের বলেই মনে হচ্ছে। তবে তা নিশ্চিত হওয়ার জন্য আরও গবেষণা করতে হবে।

‘বাড়ির পাশেই মাটির নিচে যে এত প্রাচীন স্থাপত্য রয়েছে, তা কেউ জানত না। খননের ফলে এখন তা জানা গেল। এই স্থাপনা আমাদের জন্য গর্বের। স্কুলের মেয়েদের এগুলো দেখাতে নিয়ে এসেছি। এর ফলে তারা একদিকে যেমন প্রত্নতাত্ত্বিক খনন সম্পর্কে জানতে পারবে, অন্যদিকে নিজেদের প্রাচীন ইতিহাস সম্পর্কেও ধারণা পারবে। প্রাচীন স্থাপনা দেখে মেয়েরা খুবই খুশি।’
রহিমা আক্তার শম্পা, প্রধান শিক্ষক, কপিলমুনি মেহেরুননেছা বালিকা উচ্চবিদ্যালয়

সরেজমিনে রেজাকপুর

গত মঙ্গলবার সকালে রেজাকপুর এলাকায় গিয়ে দেখা যায়, প্রায় ২৫০ মিটার দৈর্ঘ্য ও ১৮০ মিটার প্রস্থ এলাকাজুড়ে খননকাজ চলছে। সমতল থেকে প্রায় ৭ ফুট গভীরে মাটি খনন করা হয়েছে।

খননের ফলে মূল প্রত্নতাত্ত্বিক স্থাপনার একটি বড় অংশ বেরিয়ে এসেছে। বেরিয়ে এসেছে ছোট ছোট ইটের পুরু দেয়াল। সেগুলো নমুনায়ন ও লিপিবদ্ধ করার কাজ করছেন কেউ কেউ। আবার কোনো কোনো অংশে খুবই সূক্ষ্মভাবে চলছে খননকাজ।

কাজগুলো এমনভাবে করা হচ্ছে, যাতে কোনো নিদর্শনের ক্ষতি না হয়। আর পুরো কাজটি তদারক করছেন দলনেতা আফরোজা খান। প্রায় ৩০ জন কর্মী এই কাজের সঙ্গে যুক্ত আছেন।

এদিন কপিলমুনি মেহেরুননেছা বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের এই স্থাপনা দেখাতে নিয়ে যান শিক্ষকেরা। পরিদর্শন দলে ছিল প্রায় ১০০ জন শিক্ষার্থী। শিক্ষার্থীরা ঘুরে ঘুরে দেখে খননকাজ ও স্থাপনা। এ সময় শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ‘বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের বসতবাড়ি’ শিরোনামের একটি লিফলেট। লিফলেটে খুলনা বিভাগের বিভিন্ন এলাকার প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মানচিত্র রয়েছে।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা প্রথম আলোকে বলেন, ‘বাড়ির পাশেই মাটির নিচে যে এত প্রাচীন স্থাপত্য রয়েছে, তা কেউ জানত না। খননের ফলে এখন তা জানা গেল। এই স্থাপনা আমাদের জন্য গর্বের। স্কুলের মেয়েদের এগুলো দেখাতে নিয়ে এসেছি। এর ফলে তারা একদিকে যেমন প্রত্নতাত্ত্বিক খনন সম্পর্কে জানতে পারবে, অন্যদিকে নিজেদের প্রাচীন ইতিহাস সম্পর্কেও ধারণা পারবে। প্রাচীন স্থাপনা দেখে মেয়েরা খুবই খুশি।’

আগের দিন সোমবার এলাকাটি পরিদর্শন করেন কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।

কড়াইয়ের আংটা
ছবি: সংগৃহীত

কী কী পাওয়া গেল

প্রত্নতাত্ত্বিক দলটি বলছে, কপিলমুনি ইউনিয়নের কপিলমুনি, রেজাকপুর, রামনগর, সিংহজানি, কাশিমনগরসহ বড় একটা এলাকাজুড়ে অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে বলে প্রাথমিক জরিপে দেখা গেছে, যা এখনো টিকে আছে। আগে রেজাকপুরের এলাকাটি ‘কপিলমুনি-আগ্রা’ নামে পরিচিত ছিল। কিন্তু প্রশাসনিক নাম পরিবর্তনের কারণে কপিলমুনির সঙ্গে থাকা আগ্রা অংশ বাদ পড়ে যায়।

রেজাকপুরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন এলাকাটির নাম ‘কপিলমুনি ঢিবি’ দিয়েছেন এই কাজে যুক্ত প্রত্নতাত্ত্বিকেরা। তাঁরা জানান, ঢিবিটির আনুমানিক দৈর্ঘ্য ২৫০ মিটার। প্রস্থ ১৮০ মিটার। ঢিবিটি সমুদ্রসমতল থেকে ৩ দশমিক ৪৪ মিটার উচ্চতায় অবস্থিত।

ঢিবিটির দক্ষিণ অংশে এখনকার প্রত্নতাত্ত্বিক খনন পরিচালিত হচ্ছে। ঢিবি এলাকায় বসতবাড়ি, গোয়ালঘর, রাস্তা, পুকুর, ডোবা, ফলবাগান, বাঁশঝাড় রয়েছে। গর্ত করে ইট তুলে ঢিবিটির ওপর ঘরবাড়ি নির্মাণ করা হয়েছে। জরিপকালে স্থানীয় অধিবাসীরা জানান, ঘরবাড়ি করার সময় তাঁরা প্রচুর ইটের গাঁথুনি সরিয়েছেন।

প্রত্নতাত্ত্বিক খননের ফলে এই ঢিবিতে একটি বর্গাকার স্থাপত্যকাঠামো আবিষ্কৃত হয়। বর্গাকার কক্ষটি ঘিরে একটি প্রদক্ষিণপথ রয়েছে। প্রদক্ষিণপথটি দেয়াল দিয়ে পরিবেষ্টিত।

চলমান খননে স্থাপত্যকাঠামোটির কোণগুলোতে কৌণিকভাবে প্রসারিত দেয়াল পাওয়া গেছে। এই দেয়ালগুলোর স্বরূপ ও প্রকৃতি আরও বেশি স্থানজুড়ে খনন হলে বোঝা যাবে।

প্রত্নতাত্ত্বিক খননে বিভিন্ন ধরনের মৃৎপাত্র ও মৃৎপাত্রের টুকরা পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে হাঁড়ি, কলস, বাটি, থালা, বদনা, কড়াই, প্রদীপ প্রভৃতির শরীর (বডি), কান্দা, নলসহ বিভিন্ন ভাঙা অংশ। এ ছাড়া পোড়ামাটির ফলকের ভাঙা অংশ, পোড়ামাটির প্রতিমার ভগ্নাংশ, অলংকৃত ইট, কড়িসহ বিভিন্ন ধরনের প্রত্নতাত্ত্বিক উপকরণ পাওয়া গেছে।

বর্গাকার স্থাপত্যকাঠামোর উত্তর-পশ্চিম কোণ ও উত্তর-পূর্ব কোণের প্রদক্ষিণপথের বাইরের দেয়ালের মাটির সঙ্গে মিশ্রিত অবস্থায় কালো রঙের চাল পাওয়া গেছে। একে পোড়া চাল বলছেন প্রত্নতাত্ত্বিকেরা। এই চাল নিয়ে গবেষণা করলে এখানকার প্রাচীন আমলের ধানের প্রজাতিসহ প্রকৃতি-প্রতিবেশ সম্পর্কে ধারণা পাওয়া যাবে বলে মত বিশেষজ্ঞদের।

এ ব্যাপারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক স্বাধীন সেন প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম এলাকাজুড়ে ১ হাজার ২০০ বছর বা তার বেশি পুরোনো সমৃদ্ধ বসতি এলাকা ছিল বলে আমরা আগের অনেক প্রত্নতাত্ত্বিক ও ইতিহাসবিদদের লেখায় পেয়েছি। এখন রেজাকপুরে চলমান প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে তা এবার প্রমাণিত হলো।’

কলসি
ছবি: সংগৃহীত

আরও প্রমাণ

সতীশচন্দ্র মিত্রর যশোহর ও খুলনার ইতিহাস গ্রন্থে কপিলমুনি-আগ্রা এলাকার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও স্থানের উল্লেখ রয়েছে। আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া তাঁর বাঙলাদেশের প্রত্নসম্পদ বইয়ে সাতক্ষীরার তালা থেকে খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার বিস্তৃত এলাকাজুড়ে প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ ও তৎকালীন আগ্রা গ্রামের একটি ঢিবির কথা উল্লেখ করেছেন। এর মধ্যে একটি ঢিবিতে খনন করে প্রাচীন স্থাপত্যকাঠামোর অবশিষ্ট পাওয়া গিয়েছিল বলে বইয়ে উল্লেখ রয়েছে। কিন্তু সেই খননের কোনো বিশদ বিবরণ পাওয়া যায় না।

সতীশচন্দ্র মিত্র ও আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া এই এলাকায় পুকুর কাটার সময় দুটি বুদ্ধপ্রতিমা পাওয়া গিয়েছিল বলে উল্লেখ করেছেন। কপিলমুনি বাজারের একটি মন্দিরে থাকা বিষ্ণুপ্রতিমাটি আনুমানিক সপ্তম থেকে অষ্টম শতাব্দীর বলে অনুমান করা হয়।

এলাকাটিতে পাওয়া প্রত্নতাত্ত্বিক বস্তু বিশেষ করে মৃৎপাত্রের শ্রেণিতাত্ত্বিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে প্রত্নতাত্ত্বিকেরা বলছেন, এগুলো আনুমানিক নবম থেকে দ্বাদশ শতাব্দীর হতে পারে বলে তাঁরা প্রাথমিকভাবে অনুমান করছেন।