সুন্দরবন সন্নিহিত এলাকার মানুষের বেঁচে থাকার স্বার্থেই সুন্দরবনকে বাঁচিয়ে রাখতে হবে। মানুষ সুন্দরবনের অনেক ক্ষতি করলেও মায়ের মতো এই বন শতাব্দী ধরে সব সময় শুধু দিয়েই গেছে। সময় এসেছে সুন্দরবনের ক্ষতিসাধনকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার। সবার সদিচ্ছাই পারে এই বনকে বাঁচিয়ে রাখতে।
গতকাল শনিবার খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘সুন্দরবন দিবস ২০১৬’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।
আজ ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস পালিত হবে। ২০০২ সাল থেকে খুলনাসহ সুন্দরবন-সংলগ্ন জেলাগুলোতে দিবসটি পালিত হচ্ছে। এ বছর সুন্দরবন একাডেমি, বন বিভাগ, পাঁচটি বেসরকারি সংগঠন ও খুলনা প্রেসক্লাবের সহায়তায় কেন্দ্রীয়ভাবে খুলনায় দিবসটি পালিত হচ্ছে। সংবাদ সম্মেলনে বক্তারা ১৪ ফেব্রুয়ারিকে সুন্দরবন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে সরকারকে অনুরোধ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক আনোয়ারুল কাদির। লিখিত বক্তব্যে বলা হয়, সুন্দরবনের বেঁচে থাকার জন্য মনুষ্যসৃষ্ট ও প্রকৃতিসৃষ্ট দুই কারণ দায়ী। প্রকৃতিসৃষ্ট সমস্যা মোকাবিলায় সবাইকে এক হতে হবে। আর সুন্দরবনের ওপর মানুষের যে অনাচার চলছে তা পুরোপুরি বন্ধ করতে হবে। ‘জীববৈচিত্র্যের জীবন্ত পাঠশালাকে’ বাঁচিয়ে রাখতে বেআইনি বৃক্ষ নিধন, বন্য প্রাণী হত্যা ও বনে নিরবচ্ছিন্ন মৎস্যসম্পদ আহরণ বন্ধ করার বিকল্প নেই।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন খুলনা সার্কেলের বন সংরক্ষক জহির উদ্দীন আহমেদ ও খুলনা প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সৈয়দ আলী ও খুলনা প্রেসক্লাবের সদস্যসচিব মুন্সি মাহবুবুল আলম।
এখনো বাঘ শিকার ও পাচার চলছে কি না, এমন প্রশ্নের জবাবে বন সংরক্ষক জহির উদ্দীন আহমেদ বলেন, বাঘ সংরক্ষণে অনেক সংগঠন কাজ করছে। তারপরও বিদেশে বাঘের চামড়া ও হাড়ের ব্যাপক চাহিদা থাকায় বাঘ শিকার এখনো চলছে।
বন সংরক্ষক আরও বলেন, ‘প্রযুক্তির কারণে আমরা এখন জানি সুন্দরবনে কোন মা বাঘ কোন জায়গায় বাচ্চা দিয়েছে। কোন বাঘ কোন অঞ্চলে আছে। বাংলাদেশ অংশের বাঘ যাতে ভারতের অংশে চলে না যেতে পারে, সে ব্যাপারে চিন্তাভাবনা চলছে।’
গত মাসের শেষ দিকে সুন্দরবনের কটকা অভয়ারণ্য থেকে ড্রোন জব্দ করার বিষয়ে জহির উদ্দীন আহমেদ বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিলেও বন বিভাগ ড্রোন ওড়ানোর অনুমতি দেয়নি। ড্রোনটি বন বিভাগের কাছে আছে। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সুন্দরবন দিবস উপলক্ষে কেন্দ্রীয়ভাবে খুলনায় তিন দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত শুক্রবার নগরের উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ২০ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘সুন্দরবন সংরক্ষণে আমার ভাবনা’ শীর্ষক চিত্রাঙ্কন ও বক্তৃতা প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছে। আজ ১৪ ফেব্রুয়ারি জাতিসংঘ শিশুপার্কে বিদ্যালয়ভিত্তিক শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।