সুন্দরবনের খাল-নদীতে কীটনাশক প্রয়োগে মাছ শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের বিভিন্ন খাল ও নদ-নদীতে বিষ প্রয়োগ করে অবাধে মাছ শিকার করা হচ্ছে। এতে পরিবেশ ও মৎস্য সম্পদ বিপন্ন হয়ে পড়েছে। বিষ প্রয়োগে মাছ ধরার ঘটনায় চলতি বছরে এ পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চারজন ধরা পড়ে ৫ আগস্ট। এসব ঘটনায় চারটি মামলা করা হয়েছে।অভিযোগ রয়েছে, বন বিভাগের একশ্রেণীর কর্মকর্তা উৎকোচ নিয়ে মৎস্যদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, অল্প পরিশ্রমে বেশি লাভের আশায় তাঁরা এভাবে কীটনাশক প্রয়োগে মাছ ধরেন।সুন্দরবনের পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো প্রথম আলোকে জানান, বন বিভাগের কোনো কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়াও বিষ প্রয়োগে মাছ নিধন রোধে জনসচেতনতা গড়ে তুলতে বন বিভাগ কাজ করে যাচ্ছে। বন বিভাগ ও সাধারণ জেলেদের একাধিক সূত্র জানিয়েছে, চলতি ইলিশ-ধরা মৌসুমে কেউ বন বিভাগ থেকে পাস নিয়ে আবার কেউ পাস না নিয়েই মাছ ধরতে বনের বিভিন্ন এলাকায় ঢোকেন। কম পরিশ্রমে অধিক মুনাফা লাভের আশায় তাঁরা বিভিন্ন কীটনাশক সঙ্গে নিয়ে যান। জোয়ার আসার কিছু আগে ওই কীটনাশক চিঁড়া, ভাত বা অন্য কিছুর সঙ্গে মিশিয়ে নদ-নদী ও খালের পানিতে ছিটিয়ে দেয়। এতে একপর্যায়ে ওই এলাকায় থাকা বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে ওঠে। পরে ওই মাছ বিভিন্ন বাজারে সরবরাহ করা হয়। সূত্র জানায়, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে মৎস্যদস্যুদের উৎপাত বেশি। এ রেঞ্জের জোংড়া, ঢাংমারী, বৈদ্যমারী, জয়মনী, কাটাখালী, জিউধরা, নন্দবালা, ঘাগরামারী, হারবাড়িয়া, শুয়ারমারা, হরিণটানা, নন্দবালা, আন্ধারমানিক, মরা পশুর, ঝাঁপসি, লাউডোবসহ বনের আশপাশের এলাকার বিভিন্ন খাল ও নদী এলাকায় এখন অবাধে বিষ প্রয়োগ করে মাছ নিধন চলছে। অপর একটি সূত্র জানায়, স্থানীয় কিছু আড়তদার, দাদনদাতা ও ক্ষমতাসীন দলের কিছু নেতা জেলে নামধারী এসব মৎস্যদস্যুদের নানাভাবে সহায়তা দেন। এ ছাড়া একশ্রেণীর কীটনাশক বিক্রেতার সঙ্গেও এ চক্রের যোগসাজশ রয়েছে। মংলা বাজারসহ আশপাশের এলাকায় অবস্থানরত প্রভাবশালী ব্যক্তিরা এসব মৎস্যদস্যুকে নিয়ন্ত্রণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও ওয়াইল্ড লাইফ ট্রাস্ট বাংলাদেশের প্রধান নির্বাহী আনোয়ার-উল ইসলাম প্রথম আলোকে জানান, কীটনাশক প্রয়োগের ফলে পানির মধ্যে থাকা বিভিন্ন প্রজাতির মাছ, পোনা ও অন্যান্য জলজ প্রাণী নির্বিচারে মারা পড়ছে। এতে মাছের প্রজনন-প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। এ ছাড়া বিষমেশানো পানি পান করে সুন্দরবনের বাঘ, হরিণসহ বিভিন্ন প্রাণী বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে। সাম্প্রতিককালে বাঘের লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার ঘটনা এর অন্যতম প্রমাণ। আনোয়ার-উল ইসলাম আরও জানান, অধিক মুনাফার আশায় জেলে নামধারী একটি চক্র দিনের পর দিন এই অমার্জনীয় অপরাধ করে যাচ্ছে। বন্য প্রাণী ও পরিবেশের জন্য এটা চরম হুমকি। বন বিভাগের উচিত আইনের সঠিক প্রয়োগ, সার্বক্ষণিক মনিটরিং এবং জনসচেতনতা সৃষ্টি করে এ ধরনের অপতৎপরতা রোধ করা। মংলার উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মো. শহীদুজ্জামান প্রথম আলোকে জানান, যে কীটনাশক প্রয়োগে মাছ হত্যা করা হচ্ছে সেগুলো মূলত ধানসহ বিভিন্ন শাকসবজির ক্ষতিকর কীটপতঙ্গ নিধনকাজে ব্যবহার করা হয়। এগুলো খুবই বিষাক্ত।