সুন্দরবনের খালে চলছে অবৈধভাবে মাছ শিকার
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ছয়টি খালকে বন বিভাগ ২০০৩ সালে অভয়ারণ্য ঘোষণা করেছে। সেখানে অবাধে চলছে মাছ শিকার। অভিযোগ উঠেছে, বন বিভাগের সংশ্লিষ্ট ক্যাম্পের কর্মকর্তাদের ঘুষ দিয়ে জেলে নামধারী একশ্রেণীর দুর্বৃত্ত এ কাজ চালাচ্ছে। এভাবে মাছ শিকার করার কারণে সুন্দরবনের মাছের প্রজননক্ষেত্রগুলো নষ্ট হয়ে যাচ্ছে।
তবে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা খলিলুর রহমান বলেন, এ অভিযোগ ভিত্তিহীন। বনকর্মীরা কোনোভাবেই এর সঙ্গে জড়িত নন। এসব খালে যাঁরা মাছ ধরেন, তাঁরা অবৈধভাবেই বনে প্রবেশ করেন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, ২০০৩ সালে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল, জোংড়া, মরাপশুর, আন্ধারিয়া, ঝাপসি ও হারবারিয়ার ভারানি নন্দবালা খাল এবং ও শরণখোলা রেঞ্জের পাঁচটি খালকে অভয়ারণ্য ঘোষণা করা হয়। সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ ও মাছ প্রজননের জন্য এসব খাল ও সংশ্লিষ্ট এলাকায় মাছ ধরা, কাঠ কাটাসহ সব ধরনের বনজ দ্রব্য আহরণ সরকার নিষিদ্ধ করে। বঙ্গোপসাগর থেকে বয়ে আসা এসব খাল ও নদ-নদীতে বিভিন্ন প্রজাতির মা-মাছ এসে ডিম ছাড়ে। এ কারণে সুন্দরবনের অন্যান্য নদী-খালের তুলনায় এসব খালে বেশি মাছ পাওয়া যায়।
সরেজমিন অনুসন্ধান ও স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, চাঁদপাই রেঞ্জের করমজল স্টেশনের ‘টুরিস্ট খাল’র তিনটি ঘাটে মাছ ধরেন ঢাংমারীর হবি, নলবুনিয়া ও করমজলের মূল খালের দুটি ঘাটে মাছ ধরেন দক্ষিণ কানাইনগরের ভক্ত বিশ্বাস। জংড়া অফিসসংলগ্ন খালের ১৭টি ঘাটের মধ্যে ঢাংমারীর ওমর দুটিতে, চিলার উলুকাটা গ্রামের মনা পাঁচটিতে ও চিলার সুন্দরতলা গ্রামের সামাদ ১০টিতে মাছ ধরেন। আন্ধারিয়া খালের আটটি ঘাটের দুটিতে মাছ ধরেন বাঁশতলার মাহাতাব, চিলা গ্রামের পল্টু বৈরাগী একটিতে, উলুকাটা গ্রামের ইউপি সদস্য জামাল শেখ একটিতে ও চিলা গ্রামের খবির শেখ চারটিতে মাছ ধরেন। মরা পশুর খালের সাতটি ঘাটের মধ্যে জিয়া দুটিতে, আউয়াল একটিতে, গোলাম একটিতে, ইউপি সদস্য হালিম শেখ একটিতে ও রশিদ শেখ একটিতে মাছ ধরেন। তাঁদের বাড়ি চিলা গ্রামে।
চিলা ইউপি সদস্য হালিম শেখ বলেন, ‘আমি আগে মাছ ধরতাম। কিন্তু এখন আর ধরি না।’ তিনি জানান, মৌসুমভিত্তিক ঘাটপ্রতি পাঁচ হাজার থেকে ১০ হাজার টাকা বন বিভাগকে দিতে হয়। আবার প্রতি পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে ৩০০ থেকে ৫০০ টাকা দিতে হয়।
চাঁদপাই স্টেশন কর্মকর্তা অশোক চন্দ্র দাস বলেন, ‘নিষিদ্ধ খালে যাতে কেউ মাছ ধরতে না পারেন, আমরা সব সময় সে ব্যাপারে সচেষ্ট। আমার স্টেশনের কোনো কর্মকর্তা-কর্মচারী জেলেদের কাছ থেকে টাকা নেন না।’
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা আমীর হোসাইন চৌধুরী বলেন, গত দুই মাসে বন বিভাগের কর্মকর্তারা অভিযান চালিয়ে নয়জনকে জাল-নৌকাসহ আটক করে জেলহাজতে পাঠিয়েছেন। যেসব ক্যাম্পের কর্মকর্তাদের বিরুদ্ধে এ অবৈধ কাজে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে, তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।