সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের খুলনা ও সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন খালে বিষ দিয়ে মাছ ধরা চলছে। এভাবে মাছ ধরায় মৎস্য সম্পদ ধ্বংসের পাশাপাশি অসংখ্য সাধারণ জেলের জীবিকা হুমকির মুখে পড়েছে।সুন্দরবন-সংলগ্ন কয়রা উপজেলার কয়েক ব্যক্তি, জেলে ও মৎস্য ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বিপুলসংখ্যক মানুষ জীবিকার জন্য মাছ ধরা, গোলপাতা ও মধু আহরণসহ নানাভাবে সুন্দরবনের ওপর নির্ভরশীল। কিছুদিন যাবৎ কতিপয় অসাধু জেলে স্থানীয় টহল ফাঁড়ির বন কর্মচারীদের সঙ্গে আঁতাতের মাধ্যমে পশ্চিম সুন্দরবনে খুলনা রেঞ্জের গেওয়াখালী, পাতকোষ্টা, ভোমরখালী, বিদ্যাবতি, চিন্তামনি, ব্যাসে, ঝালি, কালিরখাল, ছেঁড়া, জাবা, ঝপঝপিয়া, মুচিখালী, শোলকমনি, কাগা এবং সাতক্ষীরা রেঞ্জের দোবাকি, কুনচিসহ বিভিন্ন খালে বিষ ঢেলে মাছ ধরছেন। বিষ দেওয়ার ফলে ওই সব খালে মাছসহ সব ধরনের জলজ প্রাণীই মারা পড়ছে।৬ নম্বর কয়রা ইউনিয়নের বাসিন্দা মৎস্যজীবী জামাল মোড়ল (৩৫) বলেন, ‘বিষ দিয়ে মাছ মারার পরে ওই খালে অনেক দিনির মধ্যি কোনো মাছ ঢোকে না। কারণ, খালে মাছের কোনো খাবারও থাকে না। তাই আমরা পাশ নিয়ে খালে যায়েও মাছ না পায়ে খালি হাতে ফিত্তিছি। এখন যা অবস্থা তাতে তো সংসার চালানোই কষ্টকর।’কয়রার প্রবীণ মৎস্যজীবী ছবেদ গাজী বলেন, মাছ মারার জন্য জেলেরা খালে বিষ দেওয়ায় মাছের সঙ্গে অন্য সব জলজ প্রাণীও মরে যাচ্ছে। এভাবে চলতে থাকলে সুন্দরবনের মাছ ধ্বংস হয়ে যাবে। সুন্দরবন মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি সরদার লুৎফর রহমান বলেন, ‘কয়রা এলাকার ৮০ ভাগ লোকই সুন্দরবনের ওপর নির্ভরশীল। বর্তমানে কিছু জেলে সুন্দরবনে যায়ে বিষ দিয়ে মাছ মারছে। ফলে সাধারণ জেলেরা গোনের সময় মাছ পাচ্ছে না। তারা চরম বিপদে পড়েছে, সেই সঙ্গে আমাদের ব্যবসাও লাটে উঠেছে।’ কয়রা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, সুন্দরবনে বিষ দিয়ে মাছ মারার কথা শুনছি। বিষ দিলে মাছের সঙ্গে সব প্রজাতির জলজ প্রাণীই মারা যায়। এটা জীববৈচিত্র্যের জন্য খুবই মারাত্মক। গেয়োখালী ফাঁড়ির বন কর্মকর্তা কার্তিক চন্দ্র বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বিষ দেওয়ার কথা শুনে গত তিন-চার দিন ধরে তন্নতন্ন করে খুঁজছি। কিন্তু কোথাও তেমন কিছুর সন্ধান পাইনি।’ঘুষের বিনিময়ে জেলেদের বিষ দিয়ে মাছ ধরতে দেওয়ার অভিযোগ অস্বীকার করে বজবজা ফাঁড়ির বন কর্মকর্তা হেমায়ত উদ্দিন বলেন, ‘অভিযোগ তো শুনছি, কিন্তু বিষ দেওয়ার কোনো আলামত তো পাচ্ছি না।’ কয়রা সদর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, ‘কিছুদিন ধরে সুন্দরবনের গহিনে কিছু জেলে বিষ দিয়ে মাছ মারছেন বলে শুনছি। এটা বন্ধ করা জরুরি।’ খুলনা বিভাগীয় বন কর্মকর্তা জহির উদ্দিন আহমেদ বলেন, ‘সুন্দরবনের বিভিন্ন খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগের ব্যাপারে অবিলম্বে ব্যবস্থা নেব।’