সুন্দরবনের গরান কাঠ শ্যামনগরে অবাধে বিক্রি
সিডরের পর সুন্দরবন থেকে গরান কাঠ কাটা ও বিক্রি নিষিদ্ধ হলেও ওই নির্দেশনা মানা হচ্ছে না। একশ্রেণীর অসাধু বন কর্মচারীর সহযোগিতায় কাঠ পাচার চক্রের সদস্যরা গরান গাছ কেটে নিচ্ছেন। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিভিন্ন স্থানে অবাধে বিক্রি হচ্ছে গরান কাঠ।বন বিভাগ সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১৫ নভেম্বর সিডরে সুন্দরবনের গাছগাছালির ব্যাপক ক্ষতি হয়। সুন্দরবন বাঁচাতে এরপর বন্ধ করে দেওয়া হয় গরান কাঠ কাটা।সরেজমিনে দেখা গেছে, সুন্দরবনসংলগ্ন শ্যামনগরের গাবুরার সোরা গ্রামে রাস্তার ওপর গরান কাঠ চিরে রোদে শুকানো হচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য। মুন্সিগঞ্জের মীরগাং গ্রামের গোলাম মোস্তফা তাঁর চিংড়িঘেরের প্রায় ৫০০ ফুট লম্বা বেড়া নির্মাণ করেছেন গরান কাঠ দিয়ে।এ ছাড়া শ্যামনগরের নকিপুর, নওয়াবেঁকি, মুন্সিগঞ্জ ও ভেটখালী বাজারের প্রধান সড়কের পাশে ও পাউবোর বাঁধের ওপর গরান কাঠ বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে।গত মঙ্গলবার চুনকুড়ি গ্রামের ভ্যানচালক রমেশ মণ্ডলকে দেখা গেল চুনকুড়ি নদীর পাশ থেকে ভ্যানভর্তি গরান কাঠ নিয়ে এক ইউপি সদস্যের বাড়ি পৌঁছে দিতে।খুচরা ব্যবসায়ীদের কাছে কাঠ সরবরাহকারী আলতাফ হোসেন ও সাইফুল ইসলাম জানান, মাস তিনেক আগে বন বিভাগ গরান কাঠ কাটার ওপর কড়াকাড়ি আরোপ করে। এরপর গরান কাঠ কাটা কিছুটা কমলেও বর্তমানে গোলপাতা নিয়ে আসার সুযোগে বনজীবীরা প্রচুর গরান কাঠ কেটে আনছেন।কাঠ বিক্রেতা শ্যামনগর উপজেলার মো. রউফ, আবদুর রাজ্জাক ও নেওয়াবেঁকি বাজারের আমজাদ আলীর দাবি, বন বিভাগের অভিযানে আটক কাঠ নিলামে কিনে তাঁরা বিক্রি করছেন। তবে কাঠ পাচার চক্রের সদস্যরা গোপনে গরান কাঠ কেটে এনে খুচরা ব্যবসায়ীদের সরবরাহ করার পর কেউ কেউ ওই কাঠ বন বিভাগ থেকে নিলামে কেনা কাঠ হিসেবে বিক্রি করেন বলে তাঁরা জানান।তাঁরা আরও জানান, কাঠ পাচারকারীরা দিনে বনে ঢুকে গাছ কেটে নির্ধারিত স্থানে রেখে আসেন। রাতে নৌকা বোঝাই করে তা উপকূলীয় এলাকায় এনে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেন। ভেটখালী, মুন্সিগঞ্জসহ উপকূলীয় এলাকায় প্রায় প্রতিদিন ভোররাতে গরান কাঠের বাজার বসে বলেও তাঁরা জানান।জেলে আবদুর রহমান ও আয়ুব আলী জানান, মাছ ধরতে যাওয়া জেলেরা প্রতিবারেই নিজেদের ব্যবহারের কথা বলে ৮-১০টি গরান গাছ কাটেন। লোকালয়ে ফেরার পর তাঁরা কেটে আনা গরান কাঠ গৃহস্থালির কাজে ব্যবহারের পাশাপাশি স্থানীয় বাজারেও বিক্রি করেন। তাঁরা আরও জানান, স্থানীয় বাজারে গরানের প্রতি ছিটে (গরানের চিকন ডাল) ১০ থেকে ২৫ টাকায়, কোড়া (মোটা ডাল) ৭০ থেকে ১০০ টাকা এবং খুঁটি (মূল গাছ) বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩০০ টাকায়।সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক তৌফিকুল ইসলাম জানান, গরান কাটা নিষিদ্ধ রয়েছে সিডরের পর থেকে। তিনি বলেন, আটক করা গরান দুই মাস পরপর নিলাম দেওয়া হয়। ওই সব গরান কাঠ বিভিন্ন স্থানে বিক্রি হতে পারে। তার পরও খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে তিনি দাবি করেন, বন বিভাগের কর্মচারীরা কাঠ কাটা ও পাচারের সঙ্গে জড়িত নয়।