সুন্দরবনের গাছের ফল যাচ্ছে চুলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাকৃতিক নিয়মেই সুন্দরবনে গাছ জন্মায়। সুন্দরবনের অধিকাংশ গাছ থেকে সাধারণত এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত ফল ঝরে পড়ে। জোয়ারের সময় বনে পানি ঢুকে বনভূমিতে পড়ে থাকা এসব ফল ভাসতে ভাসতে লোকালয়ে চলে আসে। ভাটার সময় ওই ফল নদীর চরে গিয়ে আটকে যায়। তা থেকেই জন্মায় গাছ। এভাবেই চলে আসছে অনন্তকাল। কিন্তু সুন্দরবনের গাছের বংশবিস্তার এখন হুমকির মুখে। সুন্দরবনসংলগ্ন নদী থেকে গাছের ফল সংগ্রহ করে তা জ্বালানি হিসেবে ব্যবহার করছে স্থানীয় বাসিন্দারা। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক তৌফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ম্যানগ্রোভ ফরেস্টের স্বাভাবিক নিয়ম হচ্ছে, গাছ থেকে ফল পড়বে এবং তা থেকে আবার গাছ জন্মাবে। জোয়ার-ভাটায় ফল কিংবা বীজ এক এলাকা থেকে অন্য এলাকায় যাবে। এবং সেখানে গাছ জন্মে বন গড়ে উঠবে। কিন্তু ফল নষ্ট করলে সুন্দরবনে স্বাভাবিকভাবে গাছ উৎপাদন কমে যাবে। বন ক্ষতিগ্রস্ত হবে।’সরেজমিনে গত শনিবার সুন্দরবনসংলগ্ন চুনো ও চুনকুড়ি নদীর যতীন্দ্রনগর থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত ২০ কিলোমিটার জুড়ে অসংখ্য মানুষকে সুন্দরবন থেকে ভেসে আসা ফল সংগ্রহ করতে দেখা যায়। কেউ জাল দিয়ে, কেউ ঝুড়ি দিয়ে, কেউ বা হাত দিয়ে ফল সংগ্রহ করে নৌকায় তুলছে। কথা হয় ফরিদা খাতুনের (৩৫) সঙ্গে। চুনকুড়ি নদীর পাড়ে শ্যামনগর উপজেলার মৌখালি গ্রামের এই বাসিন্দা জানান, অমাবস্যা ও পূর্ণিমায় ভরা জোয়ারের সময় সুন্দরবনের সুন্দরী, গেওয়া, খোলসে ও বাইনসহ নানা প্রজাতির গাছের ফল ভাসতে ভাসতে লোকালয়ে চলে আসে। এসব ফলই তাঁরা সংগ্রহ করেন। এসব ফল ডাঙ্গায় এনে সুন্দরী ফল রেখে বাকি সব ফল ফেলে দেন। এই ফলের খোসা রোদে শুকিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করেন। ফরিদা জানান, প্রতিদিন জোয়ারের সময় একেকজন এক থেকে তিন মণ সুন্দরী গাছের ফল সংগ্রহ করেন। দুই মণ ফলে পাঁচ সদস্যের একটি পরিবারের এক সপ্তাহের রান্নার কাজ চলে যায়। এভাবে ফল সংগ্রহ করলে সুন্দরবনে নতুন চারা জন্মাবে না, এ কথা বললে ফরিদা খাতুন বলেন, ‘তুমি কি কবা। আমাগো জন্মেথে বনের কিনারে বাস কুরতেছি। আমাগে সুব জানা আছে। তা নান্নাবান্না কুরবো কিদে?’। ফরিদা বলেন, ‘আগে ধান হুতো। ধানের কুটো দে নান্না কুরা যেত। তুমরা জ্বালানি ব্যবস্থা করে দেন। ফল ধুরবো না নদী থেকে।’একই কথা বললেন সাজু বিবি, লাইলা খাতুন, ফিরোজা খাতুন, রহিমা খাতুনসহ আরও অনেকে। তাঁরা সবাই ফল সংগ্রহ করছিলেন। তাঁদের সঙ্গে ফল সংগ্রহে নামে শিশুরাও। দলবেঁধে বনের ফল সংগ্রহের বিষয়ে সহকারী বন সংরক্ষক তৌফিকুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘মাঝেমধ্যে দু-চারজন নারী ফল সংগ্রহ করেন। কিন্তু দলবেঁধে ফল সংগ্রহের বিষয়টি আমার জানা ছিল না।’ তিনি বলেন, ‘আর যাতে কেউ নদী থেকে ফল সংগ্রহ করতে না পারে, সে ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’