বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, সুন্দরবনের শ্যালা নদীতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ গ্রহণযোগ্য মানমাত্রায় আছে। এ কারণে বনের জলজ প্রাণী ও উদ্ভিদ আশঙ্কামুক্ত।
বন ও পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দেশীয় পদ্ধতিতে তেল সংগ্রহের কাজ ফলপ্রসূ হয়েছে। নদীতে ভাসমান তেলের পরিমাণ কমে আসছে। রোববার পর্যন্ত ৪২ হাজার ফার্নেস অয়েল সংগ্রহ করা হয়েছে। প্রায় ৫০০ লোক তেল সংগ্রহ করছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত রোববার পরিবেশ অধিদপ্তর শ্যালা নদীর বিভিন্ন পয়েন্টে পানির মানমাত্রা পরীক্ষা করেছে। তাতে অক্সিজেনের পরিমাণ বাণীশান্তা, মীরকুমারী ও ডাইল মারিয়ায় ৬ দশমিক ৫, করমজল এলাকায় ৬ দশমিক ৪, জয়মণিঘোলে ৭ এবং চাঁদপাই এলাকায় ৬ দশমিক ৩ পাওয়া গেছে। পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ ৫-এর নিচে হলে তা জলজ প্রাণী ও উদ্ভিদের জন্য ক্ষতিকারক হয়।
গত কয়েক দিনের ডলফিন মারা যাওয়ার খবর প্রকাশিত হয়েছে। কিন্তু কোথাও ডলফিনের মৃতদেহ পাওয়া যায়নি বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। আন্তর্জাতিক ডলফিন বিশেষজ্ঞ ব্রায়ান স্মিথ ও বন্য প্রাণীবিষয়ক কর্মকর্তা তপন কুমার দে জানিয়েছেন, বর্তমান মানমাত্রায় জলজ প্রাণী ও উদ্ভিদের ক্ষতি হওয়ার আশঙ্কা নেই।