রাস মেলা সামনে রেখে একশ্রেণির অসাধু লোক সুন্দরবনে ঢুকে বাঘ ও হরিণ শিকার, গাছ কাটাসহ বিভিন্ন অপরাধ করে। তাই এ মেলাকে কেন্দ্র করে কোনোভাবেই যেন জীববৈচিত্র্য নষ্ট না হয়, সেদিকে বন বিভাগের নজরদারি বাড়াতে হবে।
গতকাল সোমবার সুন্দরবন পশ্চিম বন বিভাগীয় কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভায় খুলনার সচেতন নাগরিক সমাজ এসব কথা বলেন। মহানগরের জেলখানাঘাট এলাকায় সুন্দরবন পশ্চিম বন বিভাগীয় কর্মকর্তা জহির উদ্দিন আহমেদের কক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন জন-উদ্যোগ এই সভার আয়োজন করে।
আজ মঙ্গলবার থেকে সুন্দরবনের দুবলারচরে ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা পুণ্যস্নান শুরু হচ্ছে। শেষ হবে বৃহস্পতিবার।
বক্তারা বলেন, সুন্দরবনের অনেক জীববৈচিত্র্য ইতিমধ্যে হারিয়ে গেছে। অনেক সুন্দরী গাছ রোগাক্রান্ত, বিলুপ্তির পথে বিভিন্ন প্রজাতির পাখি, সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণী। রাস মেলার সময় জীববৈচিত্র্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। দুবলারচরে রাস মেলায় অতিরিক্ত সাজসজ্জা করা হয়। উচ্চ স্বরে গান বাজানো হয়; যা বন আইন লঙ্ঘনের শামিল ও শাস্তিযোগ্য অপরাধ। রাস মেলা কেন্দ্র করে অসাধু শিকারিরা যাতে বনের ক্ষতি করতে না পারে সে জন্য র্যাব, কোস্টগার্ড ও বনপ্রহরীদের আরও সজাগ থাকতে আহ্বান জানান তাঁরা।
সভায় সুন্দরবনে মেলা উপলক্ষে প্রবেশের নির্ধারিত তারিখ থেকে ফিশারম্যান গ্রুপের নৌযানসহ প্রতিটি নৌকায় দর্শনার্থীদের জনপ্রতি পাস থাকা, তল্লাশিচৌকি থেকে ফিশারম্যান গ্রুপসহ সবার কাছ থেকে রাজস্ব আদায় করা, প্রতিটি নৌযান তল্লাশির আওতায় আনা, আলোকসজ্জা ও শব্দদূষণ নিয়ন্ত্রণ করাসহ আট দফা দাবি জানিয়ে বন কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন জন-উদ্যোগ, খুলনার আহ্বায়ক কুদরত-ই-খুদা। এতে বক্তব্য দেন আয়োজক সংগঠনের সদস্যসচিব মহেন্দ্র নাথ সেন, বাংলাদেশ মানবাধিকার সংস্থা খুলনার সমন্বয়কারী মোমিনুল ইসলাম, ব্লাস্টের সমন্বয়কারী অশোক কুমার সাহা প্রমুখ।