সুন্দরবনের ডাকাত দমনে সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের ডাকাতদের ধরতে সাঁড়াশি অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। কোস্টগার্ড, র‌্যাব, বন বিভাগ ও পুলিশের সমন্বয়ে বর্ষা মৌসুমের আগেই অভিযান চালানোর নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া গত এক বছরে বন বিভাগের অনুমতি নিয়ে যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারী ব্যক্তি সুন্দরবন অঞ্চলে গেছেন, তাঁদের তালিকা মন্ত্রণালয়ে জমা দিতে খুলনা পুলিশের উপমহাপরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যন্ত অবস্থান ও দুর্গমতার কারণে প্রায় ছয় হাজার বর্গকিলোমিটার আয়তনের সুন্দরবনে সংঘবদ্ধ ডাকাতদের ব্যাপক দৌরাত্ম্য রয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরী এ ব্যাপারে গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘সুন্দরবনের ডাকাতেরা মৌসুমভিত্তিক উত্পাত করে। বিশেষ করে, মাছ ধরার মৌসুমে এ উত্পাত অনেক বেড়ে যায়। ডাকাতেরা জেলেদের ধরে নিয়ে তাঁদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে।’ডাকাতেরা সুন্দরবনের বিভিন্ন নদীতে জেলে, গোলপাতা আহরণকারী ও অন্য শ্রমজীবীদের নৌকা আটকে লুটপাট ছাড়াও মুক্তিপণের জন্য তাঁদের জিম্মি করে থাকে। মুক্তিপণ না পেলে আটক ব্যক্তিদের হত্যা করার ঘটনাও ঘটে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, সুন্দরবন অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীরা সারাক্ষণই ডাকাতদের আক্রমণের ভয়ে থাকেন। ডাকাতদের ধরতে এ পর্যন্ত বড় ধরনের কোনো সাঁড়াশি অভিযান হয়নি। বিশেষ করে, সিডরের পর বনের ভেতরের একটি ঘাঁটি থেকে কোস্টগার্ড উঠে যাওয়ায় ডাকাতের তত্পরতা বেড়েছে। কিন্তু দুর্গমতার কারণে সুন্দরবনের অভ্যন্তরে অভিযান চালানো কঠিন।সম্প্রতি পরিবেশ ও বন মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় কমিটি এ সমস্যার সমাধানে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সুপারিশ পাঠায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গত ২১ এপ্রিল এ নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠক হয়। এতে সুন্দরবনে ডাকাতদের আক্রমণ ঠেকানো এবং তাদের গ্রেপ্তার করে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে সুন্দরবন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জনবল বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরকে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপরাধীর অবস্থান নির্ণয় করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। সুন্দরবনের কচিখালীতে একটি স্থায়ী আউট পোস্ট স্থাপনের জন্য কোস্টগার্ডকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে। খুলনা পুলিশের উপমহাপরিদর্শকের তত্ত্বাবধানে পুলিশ, কোস্টগার্ড, র‌্যাব ও বন বিভাগের সমন্বয়ে কর্মপদ্ধতি স্থির করতে একটি কোর কমিটি গঠন করা হবে। বৈঠকে র‌্যাব জানায়, কিছু দাদন ব্যবসায়ী ও আড়তদার জলদস্যুদের সঙ্গে জড়িত রয়েছে। খুলনার পুলিশের উপমহাপরিদর্শক জানান, পুলিশের কাছে ডাকাতদের তালিকা রয়েছে। কিন্তু পুলিশ শুধু লোকালয় পর্যন্তই টহল দেয়।