সুন্দরবনের তথ্যবহুল মানচিত্র নিয়ে নতুন বই
সুন্দরবনের মধ্যে রয়েছে সুন্দর সুন্দর জায়গা। সেখানকার খাল-নদীর নামগুলোও খুব সুন্দর। যেমন, একটি খালের নাম ‘সুন্দরমুখ’। দেখতে সুন্দর বলেই হয়তো সুন্দরবনের ওই খালটির এই নাম। এ রকম আরেকটি খালের নাম ‘ভাইজোড়’।
সুন্দরবনের এমন অনেক জানা-অজানা তথ্যের সমাবেশ ঘটেছে একটি নতুন বইয়ে। বইটির নাম ‘সুন্দরবনস এটলাস, বাংলাদেশ ফরেস্ট কম্পার্টমেন্ট ম্যাপস অ্যান্ড গেজেটিয়ার’।
আজ বুধবার রাজধানীর আগারগাঁও বন ভবনের সম্মেলন কক্ষে সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড) বইটির প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম সুন্দরবনের চারপাশে শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠা ও নৌপথ চালু থাকার বিষয়টি উল্লেখ করে বলেন, এ ধরনের তৎপরতা বনটির জন্য হুমকি। ফলে সুন্দরবন রক্ষা করতে হলে এসব বন্ধ করার বিষয়টি বিবেচনা করতে হবে।
প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধান বন সংরক্ষক ইউনুস আলী বলেন, সুন্দরবন নানা ধরনের হুমকির মধ্যে আছে। উজান থেকে লবণাক্ত পানির প্রবাহ কমে যাওয়াসহ নানা কারণে সুন্দরী গাছের আগামড়া রোগ দেখা দিচ্ছে। চোরা শিকারিরা বন্যপ্রাণী শিকার করছে। এই বইটি সুন্দরবন রক্ষায় ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।
সুন্দরবনস এটলাস বইটিতে সুন্দরবনের ৫৫টি কম্পার্টমেন্টের বিস্তারিত বর্ণনা, নদী ও খালের নাম রয়েছে। জার্মান নাগরিক গাত্রুদ নওম্যান ডেনহাও ও হেলমুট ডেনজাও এবং অস্ট্রিয়ার নাগরিক পিটার গার্নগ্রস ১৫ বছর ধরে সুন্দরবন এলাকায় ঘুরে ঘুরে এবং পুরোনো নথি ঘেঁটে প্রতিটি কম্পার্টমেন্টের মানচিত্র তৈরি করেছেন। সুন্দরবনের প্রতিটি কম্পার্টমেন্টের বিস্তারিত তথ্যবহুল মানচিত্র এটাই প্রথম বলে জানিয়েছে বন বিভাগ।
প্রকাশনা অনুষ্ঠানে গাত্রুদ নওম্যান ডেনহাও সুন্দরবন নিয়ে তাদের কাজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘আমাদের এই মানচিত্রগুলো থেকে সুন্দরবন গবেষক, বন বিভাগ, সুন্দরবনপ্রেমী ও পর্যটক সবাই সহযোগিতা নিতে পারবেন। সবাই যাতে সুন্দরবনকে ভালো মতো দেখতে পারেন সে জন্যই আমাদের এই মানচিত্র।’
সেড-এর প্রধান নির্বাহী ফিলিপ গাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বন্যপ্রাণী বিশেষজ্ঞ ও সুন্দরবন গবেষকেরা বক্তব্য রাখেন।