সুন্দরবনের তিন জলদস্যু বাহিনীর আত্মসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা দিয়ে সুন্দরবনের ‘বড়ভাই, ভাইভাই এবং সুমন’ নামের জলদস্যু বাহিনীর প্রধানসহ ৩৮ জন আত্মসমর্পণ করেছেন। এ সময় তাঁরা ৩৮টি আগ্নেয়াস্ত্র ও ২ হাজার ৯৬৮টি গুলি জমা দেন।

আজ মঙ্গলবার বেলা ৩টা ৪০ মিনিটে বরিশালের র‌্যাব-৮-এর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন ওই তিন বাহিনীর জলদস্যুরা।

আত্মসমর্পণকারীদের মধ্যে বড়ভাই বাহিনীর প্রধান মো. আবদুল ওয়াহিদ মোল্লাসহ ১৮ জন ১৮টি অস্ত্র এবং ১ হাজার ৪২২টি গুলি জমা দেন। ভাইভাই বাহিনীর প্রধান মো. ফারুক মোড়লসহ ৮ জন ৮টি অস্ত্র ও ৩৩১টি গুলি জমা দেন এবং সুমন বাহিনীর প্রধান মো. জালাল শরীফসহ ১২ জন ১২টি অস্ত্র ও ১ হাজার ২১৫টি গুলি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জমা দিয়েছেন।

আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, গত ২০ মাসে সুন্দরবন এলাকার ১৭টি বাহিনীর ১৯০ জন জলদস্যু আত্মসমর্পণ করেছেন। তাঁরা ২৮২টি অস্ত্র ও ১৩ হাজার ৯২১টি গুলি জমা দিয়েছেন। আত্মসমর্পণকারীদের মধ্যে ১৩২ জনকে পুনর্বাসন করা হয়েছে। যাঁরা মানুষ হত্যা ও নারী নির্যাতনের অপরাধ করেছেন, তাঁদের ক্ষমা করা হবে না। অন্যদের আইনি সহযোগিতা দিয়ে পুনর্বাসন করা হবে। আজ যাঁরা আত্মসমর্পণ করেছেন, তাঁদেরও পুনর্বাসন করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যাঁরা দস্যুতায় অস্ত্রসহ অন্য সহযোগিতা দেন এবং যাঁরা এই দস্যুদের ব্যবহার করেন, তাঁদেরও ছাড় দেওয়া হবে না। আমরা সুন্দরবনসহ উপকূলে ব্লু ইকোনমি করেছি। এটা নিরাপদ রাখব। সুন্দরবনকে পর্যটকদের জন্য নিরাপদ করে দেওয়া এবং সুন্দরবনের সঙ্গে যাঁরা জীবন-জীবিকা নির্বাহ করেন, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার কাজ করছে।’

র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, ‘আমরা অনন্তকাল আত্মসমর্পণের জন্য অপেক্ষা করব না। বাংলাদেশ মধ্য আয়ের দেশ হয়েছে, সেখানে কোনো ধরনের ছ্যাঁচড়ামি চলতে পারবে না। আমরা সুন্দরবনে কোনো ধরনের অপকর্ম করতে দেব না। এখনো গুটি কয়েক জলদস্যু আছে, তারা আত্মসমর্পণ না করলে র‌্যাব কঠোরভাবে তাদের দমন করবে। যারা দস্যুতায় প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সহযোগিতা দিচ্ছে, তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে।’

আত্মসমর্পণকারী বড়ভাই বাহিনীর প্রধান মো. ওয়াহিদ মোল্লা বলেন, ‘আমি বাধ্য হয়েই দস্যু বাহিনী গড়ে তুলেছিলাম। র‌্যাবের আহ্বানে সাড়া দিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চাই। তাই অন্য দস্যু দলের মতো আত্মসমর্পণ করেছি। যাতে আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারি, সে জন্য সরকারের কাছে সহযোগিতা চাই।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল সদর আসনের সাংসদ জেবুন্নেছা আফরোজ, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক লে. কর্নেল আনোয়ার লতিফ খান, র‌্যাবের মিডিয়া বিভাগের কমান্ডার মুফতি মাহমুদ, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন, র‍্যাব-৮ বরিশালের অধিনায়ক উইং কমান্ডার হাসান ইমন আল রাজীব, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আবুল কালাম আজাদ, পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম প্রমুখ।