বাগেরহাটে সুন্দরবন পূর্ব বিভাগের তিনটি স্থানে বিক্ষিপ্তভাবে আগুন জ্বলছে। নাপিতখালী ও পচাকুড়ালিয়া এলাকায় গত মঙ্গলবার জ্বলে ওঠা আগুন গতকাল বুধবার বিকেল পর্যন্ত নেভানো যায়নি। দমকল বাহিনীর কর্মীদের সঙ্গে নিয়ে বনকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।এদিকে ১ মার্চ পূর্ব বিভাগের নাংলি ক্যাম্পসংলগ্ন আগুনে পুড়ে যাওয়া জায়গার পাশে গতকাল দুপুরে আবারও আগুন জ্বলে উঠেছে বলে খবর পাওয়া গেছে। বন বিভাগের কর্মকর্তারা এভাবে আগুন জ্বলে ওঠার ঘটনাকে ‘অস্বাভাবিক’ ও ‘নাশকতামূলক’ বলে আশঙ্কা করছেন।পচাকুড়ালিয়া ও নাপিতখালীতে আগুন নেভানোর কাজে নিয়োজিত দমকলকর্মী এবং বনকর্মীদের সঙ্গে মুঠোফোনে কথা বলে জানা যায়, আট থেকে দশ একর এলাকাজুড়ে বিক্ষিপ্তভাবে ৩০ থেকে ৪০টি স্থানে আগুন জ্বলছে। এখানে কিছু সুন্দরি ও গেওয়া গাছ রয়েছে। রয়েছে ঝোপজাতীয় গাছ সিংড়া, ঝাউ কেয়া এবং বিভিন্ন ধরনের লতা-গুল্ম। আগুনে এসবের ব্যাপক ক্ষতি হচ্ছে।পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো গতকাল পচাকুড়ালিয়া থেকে মুঠোফোনে জানান, দমকল বাহিনীর মোরেলগঞ্জ ইউনিটের সহযোগিতায় অর্ধশতাধিক বনকর্মী স্থানীয় শ্রমিকদের সঙ্গে নিয়ে আগুন নেভাতে কাজ করছেন। খুলনা থেকে অগ্নিনির্বাপণের বিভিন্ন সরঞ্জাম আনা হয়েছে। বনের ভেতর কূপ খুঁড়ে পানি সংগ্রহের চেষ্টা ব্যর্থ হওয়ায় ঘটনাস্থলের প্রায় দেড় কিলোমিটার দূর থেকে পানি আনতে হচ্ছে। নাংলি ক্যাম্প এলাকায় নতুন সৃষ্টি হওয়া আগুন নেভাতে পানি আনতে হচ্ছে প্রায় দুই কিলোমিটার দূর থেকে। তিনি জানান, এসব ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।প্রসঙ্গত, তিন সদস্যের এই দলটিই ১ মার্চ সংঘটিত অগ্নিকাণ্ডেরও তদন্ত করছে। সেই তদন্ত এখনো শেষ হয়নি।আগুনের উৎস নিয়ে নাশকতার আশঙ্কা করে মিহির কুমার দো বলেন, পাশাপাশি সময়ে এভাবে একটি বড় এলাকাজুড়ে বিক্ষিপ্তভাবে আগুন লাগার ঘটনা অস্বাভাবিক। এ ব্যাপারে করণীয় নির্ধারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।সুন্দরবন পূর্ব বিভাগ সূত্রে জানা গেছে, শুষ্ক মৌসুমে বিড়ি-সিগারেট, মধু আহরণের মশাল বা রান্নার আগুন, চোরাকারবারিদের উদ্দেশ্যমূলক অপচেষ্টা এমনকি প্রখর সূর্যতাপের কারণেও আগুন ধরে যেতে পারে। গত ১০ বছরে এই এলাকায় সব মিলিয়ে ১৪টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রতিটি ঘটনায় তদন্ত কমিটি হলেও কমিটির সুপারিশ যথাযথভাবে বাস্তবায়ন করা হয় না।তবে বনসংরক্ষক আকবর হোসেন বলেন, সব সম্ভব না হলেও কিছু কিছু সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে। তিনিও নতুন করে এভাবে আগুন লাগার ঘটনাকে ‘নাশকতামূলক’ বলে আশঙ্কা করেন।