তেল ছড়াল রূপসায়, উদ্ধারের খবর নেই

সুন্দরবনে ডুবে যাওয়া জাহাজের তেল জোয়ারের ঢেউয়ে পৌঁছে গেছে রূপসা নদীতে। শ্যালা নদীর আশপাশের নালা-খালগুলোতে ভাসছে তেল। বনের গাছের গায়ে তেলের কালো দাগ। সময় যত গড়াচ্ছে, ছড়িয়ে পড়ছে তেল। জাহাজডুবির একদিন পেরিয়েছে, কিন্তু জাহাজ উদ্ধারের খবর নেই।
গতকাল মঙ্গলবার ভোররাতে আরেকটি কার্গো জাহাজের ধাক্কায় তেলবাহী জাহাজ ওটি সাউদার্ন স্টার-৭ জাহাজটি শ্যালা নদীতে ডুবে যায়। জাহাজটিতে তিন লাখ ৫৭ হাজার ৬৬৪ লিটার জ্বালানি তেল ছিল।
তেলের দূষণ নিয়ন্ত্রণে সুন্দরবনের পথে কান্ডারি-১০ক্রমশ তেলের বিস্তৃতিতে উদ্ধিগ্ন খুলনা অঞ্চলের বন সংরক্ষক কার্ত্তিক চন্দ্র সরকার। হতাশার সুরে বললেন, জাহাজডুবির পর তিনটি জোয়ার হয়েছে। এতে অন্তত ৭০ কিলোমিটার এলাকায় তেল ছড়িয়ে পড়ার কথা। রূপসা নদী পর্যন্ত পৌঁছে গেছে ফার্নেস তেল। শঙ্কা তো আরও আছে। কারণ, তেল যে এখনো বের হচ্ছে।
তেলবাহী জাহাজটির মালিকানা প্রতিষ্ঠান মেসার্স হারুন অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপক গিয়াস উদ্দিনের দাবি, মালিক পক্ষ ডুবে যাওয়া জাহাজটিকে উদ্ধার করতে দুটি জাহাজ এনেছে। সকালে ডুবুরি নামিয়ে ডুবে যাওয়া জাহাজটির সঙ্গে দড়ি বাধা হয়েছে। আরেকটি বার্জকে (এক ধরনের বড় জাহাজ) খবর দেওয়া হয়েছে। সেটি পৌঁছালেই টেনে তোলার চেষ্টা করা হবে।
জাহাজ উদ্ধারে সরকারের উদ্যোগের বর্ণনা দিয়ে খুলনা বিভাগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌসংরক্ষণ ও পরিচালন বিভাগের উপপরিচালক আশরাফ হোসেন বলেন, দুর্ঘটনা স্থলের উদ্দেশে গতকাল রাতেই নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ এবং বরিশাল থেকে ‘নির্ভীক’ রওয়ানা দেওয়ার কথা ছিল। ঘন কুয়াশায় রাতে রওয়ানা দিতে পারেনি। আজ সকাল আটটায় রওয়ানা হয়েছে। নির্ভীক সন্ধ্যা নাগাদ পৌঁছবে। কিন্তু প্রত্যয় কালকের আগে পৌঁছতে পারবে না।
তেলবাহী জাহাজডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠনজাহাজটা ডুবে যাওয়া যেন এক জয়মনি ঘোল এলাকার মানুষের জন্য এক অভিশাপ। যাঁরা নদীর পানি খেতেন, দৈনন্দিন কাজে ব্যবহার করতেন, তাঁদের জুটেছে এক নতুন সমস্যা। তেলের ঘন কালো আস্তরণের কারণে শ্যালা নদীর পানি ব্যবহারের কোনো উপায় নেই। এতে ক্রমশই বাড়ছে ওই এলাকার মানুষের উৎকন্ঠা। এমনই একজন জয়মণি এলাকার সোলেমান শানা। হাঁস পালন করে জীবিকা নির্বাহ করা সোলেমানের দাবি, গতকাল তেল মিশ্রিত পানি খেয়ে তাঁর খামারের পাঁচটি হাঁস মারা পড়েছে। খাল, নালা, নদী—সব জায়গায়ই তেলের বিস্তার। কোথায় চড়াবেন হাঁস—এ প্রশ্ন তাঁর।
নদীতে গোসল করতে গিয়ে অনেক ছোট-বড় মরা মাছ ভাসতে দেখেছেন এমনটা দাবি করে জয়মণি বাজারের মিজানুর রহমান বললেন, ঘর থেকেই তেলের গন্ধ পাওয়া যাচ্ছে।
ঘুরে ঘুরে ঘটনাস্থলের তেলের বিস্তৃতি দেখার সময় আবারো ডাকলেন কার্ত্তিক চন্দ্র সরকার। জানালেন, বন বিভাগের পক্ষ থেকে মংলা থানায় ডুবে যাওয়া এবং ডুবে যাওয়া জাহাজটিকে ধাক্কা দেওয়া জাহাজ দুটির বিরুদ্ধে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণের মামলা করা হয়েছে। চাঁদপাই রেঞ্জের সহকারি বন সংরক্ষক বেলায়েত হোসেনকে প্রধান করে প্রাথমিকভাবে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে পরিবেশ প্রতিমন্ত্রী আসছেন। তিনি এলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।