
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘সকলের সহযোগিতা নিয়ে আমরা যেভাবে জঙ্গিবাদকে রুখে দিয়েছি, আমরা যদি সেভাবে কাজ করতে পারি তাহলে সুন্দরবনসহ সাগরবক্ষের দস্যুতাও রোধ করতে পারব। সর্বোপরি কথা হলো আমরা সুন্দরবনের দস্যুতা রোধ করবই।’
পটুয়াখালীর সমুদ্র সৈকত কুয়াকাটায় বঙ্গোপসাগরের জলদস্যু নোয়া বাহিনীর প্রধান মো. বাকি বিল্লাহ ওরফে নোয়া মিয়ার নেতৃত্বে ১২ সদস্যের আত্মসমর্পণ ও আর্থিক অনুদান প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথা বলেন।
আজ শনিবার বেলা পৌনে একটায় কুয়াকাটার রাখাইন মহিলা মার্কেটের সামনের নির্ধারিত মঞ্চে এ আত্মসমর্পণ প্রক্রিয়া সম্পন্ন হয়। সেখানে র্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল মো. আনোয়ার উজ জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, বরিশালের ডিআইজি শেখ মো. মারুফ হাসান, পটুয়াখালীর জেলা প্রশাসক একেএম শামিমুল হক ছিদ্দিকী, পটুয়াখালীর পুলিশ সুপার সৈয়দ মোসফিকুর রহমান প্রমুখ। জলদস্যুদের হাতে নির্যাতনের শিকার পটুয়াখালীর কলাপাড়ার জেলে মো. আনোয়ার হোসেনও বক্তব্য দেন।
জলদস্যুদের যারা সাহায্য-সহযোগিতা করছে তাদের এই সাহায্য বন্ধ করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। না হলে তাদের পরিণতিও জলদস্যুদের মতো হবে বলে হুমকি দেওয়া হয়। মন্ত্রী বলেন, ‘আমাদের কথা হলো-এ দেশকে নিরাপদ রাখতে হবে। উপকূলীয় অঞ্চলে জল দস্যুতা, মানব পাচার, সন্ত্রাস আমরা হতে দেব না। আমরা এ কারণে র্যাব, কোস্টগার্ডের শক্তি আরও বৃদ্ধি করার উদ্যোগ গ্রহণ করেছি।’
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক ও র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, ‘পূর্ব সুন্দরবনে এখনো দুটি এবং পশ্চিম সুন্দরবনে ছয়টি গ্রুপ সক্রিয় রয়েছে। এদের আত্মসমর্পণ করতে হবে, নয় ভয়াবহ পরিস্থিতির কবলে পড়তে হতে পারে। আমরা নিরাপদ সুন্দরবন চাই। আপনাদের সহযোগিতা নিয়ে সুন্দরবনকে নিরাপদ রাখতে চাই।’ সু-পথে ফিরে আসা জলদস্যুদের কেউ উৎপাত করলে র্যাব সেসব লোকের বিরুদ্ধে ভূমিকা রাখবে বলে র্যাব মহাপরিচালক হুঁশিয়ারি ব্যক্ত করেন।
আত্মসমর্পণ অনুষ্ঠানের শুরুতে জলদস্যু প্রধান নোয়া মিয়া নিজের কাছে থাকা বন্দুক স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে জমা দিয়ে সুস্থ জীবনে ফিরে আসার ঘোষণা দেন। এরপর একে একে ১১জন। তারা নানা ধরনের ২৫টি বন্দুক ও ১ হাজার ১০৫টি গুলি জমা দিয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সুন্দরবনের চরাপুটিয়া খালে এসব জলদস্যু র্যাবের হেফাজতে আসে। তাদের বাড়ি বাগেরহাটের মোংলা এবং রামপাল এলাকায়।
নোয়া বাহিনীর প্রধান মো. বাকি বিল্লাহ ওরফে নোয়া মিয়া আত্মসমর্পণ করে বলেন, ‘এত দিন অন্যায় পথে ছিলাম। আমার ভুল বুঝতে পেরেছি। মুক্ত জীবনে ভালোভাবে যাতে চলতে পারি, সে জন্য প্রশাসনসহ সকলের সহযোগিতা চাই।’
এর আগে আত্মসমর্পণ করা মাস্টার বাহিনী, মজনু বাহিনী, ইলিয়াস বাহিনী, শান্ত বাহিনী, আলম বাহিনী, সাগর বাহিনী ও খোকাবাবু বাহিনীর ৬০ জন জলদস্যুর প্রত্যেককে আজ নগদ ২০ হাজার টাকা এবং শীতবস্ত্র হিসেবে কম্বল প্রদান করা হয়েছে।

বরিশালের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির প্রথম আলোকে জানান, ‘নোয়া বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে জলদস্যুদের অষ্টম বাহিনীর আত্মসমর্পণ প্রক্রিয়া সম্পন্ন হলো। গত বছরের মে মাস থেকে জলদস্যুদের এ আত্মসমর্পণ প্রক্রিয়া শুরু হয়েছে। এ পর্যন্ত ১৩৯টি অস্ত্র এবং ৭ হাজার ৫৩১টি গুলি উদ্ধার হয়েছে। জলদস্যু-বনদস্যুদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। বাকি জলদস্যুদেরও আমরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। ’