সুন্দরবন এলাকার দুই দস্যু দল শান্ত ও আলম বাহিনীর প্রধানসহ ১৪ সদস্য আত্মসমর্পণ করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বরিশাল কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন তাঁরা।
র্যাব-৮ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে র্যাবের কাছে ওই দুটি বাহিনীর ১৪ সদস্য আত্মসমর্পণ করার আগ্রহ প্রকাশ করেছিলেন। ওই দিনই তাঁরা র্যাবের কাছে নয়টি বিদেশি একনলা বন্দুক, দুটি বিদেশি দোনলা বন্দুক, পাঁচটি বিদেশি এয়ার রাইফেল, দুটি ওয়ান শুটারগান, দুটি কাটা রাইফেলসহ ২০টি আগ্নেয়াস্ত্র এবং ১ হাজার ৮টি বিভিন্ন ধরনের গুলি জমা দেন। এরপর গতকাল তাঁরা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করলেন।
আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘...সুন্দরবনকে নিরাপদ রাখা আমাদের অঙ্গীকার। উদ্দেশ্য একটা, সুন্দরবনসহ দক্ষিণাঞ্চলের মানুষ যেন শান্তিতে থাকে, নিরাপদে থাকে। আজকে যারা আত্মসমর্পণ করেছে, তারা যাতে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে, তার ব্যবস্থা করে দেবে সরকার। যারা হত্যা এবং ধর্ষণ—এই দুটি অপরাধের সঙ্গে যুক্ত নয়, তাদের যতখানি আইনি সহযোগিতা দরকার, তা আমরা দেব। এদের পুনর্বাসনেও উদ্যোগ নেওয়া হবে।’
অনুষ্ঠানে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, ‘দক্ষিণাঞ্চলে ছয়টি বনদস্যু বাহিনী রয়েছে। এর মধ্যে দুটি আত্মসমর্পণ করেছে। এখনো চারটি বাহিনী সক্রিয় রয়েছে। আমরা সবাইকে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানাচ্ছি।’
আত্মসমর্পণের পর শান্ত বাহিনীর প্রধান মো. বারেক তালুকদার ওরফে শান্ত প্রথম আলোকে বলেন, ‘ভুল পথে থেকে প্রতিদিন জীবনের সঙ্গে যুদ্ধ করেছি। একদিকে বদনাম কুড়িয়েছি, অন্যদিকে পালিয়ে বেড়াতে হয়েছে। এখন পরিবার নিয়ে যাতে স্বাভাবিক জীবন যাপন করতে পারি, সেই আবেদন করেছি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে।’ একই কথা জানান আলম বাহিনীর প্রধান মো. আলম সরদার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ তালুকদার মো. ইউনুস, শেখ মো. টিপু সুলতান, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক আনোয়ার লতিফ খান, র্যাব বরিশালের অধিনায়ক ইফতেখারুল আলম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন, জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান, পুলিশ সুপার মো. আক্তারুজ্জামান, র্যাব বরিশালের উপ-অধিনায়ক আদনান কবির প্রমুখ।