সুন্দরবনের ধানসাগর স্টেশনে আবার অগ্নিকাণ্ড!
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের অন্তর্ভুক্ত ধানসাগর স্টেশনে আবার আগুন লেগেছে। তুলাতুলী এলাকায় গতকাল বুধবার বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। রাত আটটায় শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। ধানসাগর স্টেশনে এ নিয়ে গত এক মাসে চারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এর মধ্যে ২৭ মার্চ, ১৩ এপ্রিল ও ১৮ এপ্রিল নাংলি এলাকায় এবং গতকাল তুলাতুলী এলাকায় আগুন লাগে।
চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, প্রবল বাতাস ও সন্ধ্যা হয়ে যাওয়ায় আগুন নেভাতে সমস্যা হয়। ধারণা করা হচ্ছে, বনের এক একর জায়গায় আগুন ছড়িয়ে পড়েছে।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, আগুন লাগার কারণ উদ্ঘাটনে চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা বেলায়েত হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।