সুন্দরবনের নদীতে লঞ্চডুবি
সুন্দরবনের শেলা নদীতে আজ সোমবার ভোর চারটার দিকে এমভি শাহীদূত নামের একটি দোতলা লঞ্চ ডুবে গেছে। এতে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের শেলা নদীর তাম্বুলবুনিয়া ও হরিণটানা এলাকার মাঝামাঝি জায়গায় ওই লঞ্চটি ডুবে যায়।
সুন্দরবন হলি ডেজের পরিচালক রফিকুল ইসলামের ভাষ্য, গত শনিবার রাতে পিরোজপুরের ভান্ডারিয়া লঞ্চঘাট থেকে এমভি শাহীদূত নামের ওই লঞ্চটি খুলনার উদ্দেশে রওনা হয়। লঞ্চটি সুন্দরবনের শেলা নদীর তাম্বুলবুনিয়া ও হরিণটানা এলাকার মাঝামাঝি জায়গায় পৌঁছে ঘন কুয়াশার মধ্যে পড়ে। ভোররাত তিনটার দিকে নদীতে ভাটা থাকায় লঞ্চের সামনের অংশ চরে আটকে যায়। জোয়ার এলে লঞ্চের মাস্টার শিমুল লঞ্চটিকে চালিয়ে নদীতে নামানোর চেষ্টা করেন। এ সময় লঞ্চটি কাত হয়ে পানিতে তলিয়ে যায়। লঞ্চে থাকা মাস্টারসহ ১২ জন নাবিক সাঁতরে তীরে উঠেতে পেরেছেন।
পরিচালক রফিকুলের ভাষ্য, ‘পরে লঞ্চের মাস্টারের মাধ্যমে খবর পেয়ে দুর্ঘটনাস্থলের কিছু দূরে থাকা আমাদের বনবিলাস নামে আরেকটি লঞ্চ সেখানে গিয়ে তাঁদের উদ্ধার করে। ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধারের জন্য চেষ্টা চলছে।’ তিনি বলেন, শীত মৌসুমে সুন্দরবন ভ্রমণে ইচ্ছুক পর্যটকদের জন্য ঢাকার শামীম হাসান নামের এক ব্যক্তির কাছ থেকে তিন মাসের চুক্তিতে তিনি ওই দোতলা লঞ্চটি ভাড়া করেন। এর আসনসংখ্যা ৮০টি।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আমির হোসাইন চৌধুরী বলেন, সুন্দরবন হলি ডেজ নামের ট্যুরিজম প্রতিষ্ঠানের ভাড়া করা একটি দোতলা লঞ্চ ডুবে গেছে। তবে এতে কোনো পর্যটক ছিলেন না। তাঁরা লঞ্চ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।