সুন্দরবনের পক্ষে প্রচারণা চালাবেন মুসা ইব্রাহীম
এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীমকে গত শনিবার খুলনায় সংবর্ধনা দেওয়া হয়েছে। খুলনার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাঁকে এ সংবর্ধনা দেয়। এ সময় আয়োজকদের অনুরোধে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনের পক্ষে প্রচারণা চালাতে সম্মত হন মুসা ইব্রাহীম।সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, সবাই একসঙ্গে চেষ্টা করলে সুন্দরবন বিশ্বের সাতটি নতুন প্রাকৃতিক আশ্চর্যের একটি হতে পারে। এ ক্ষেত্রে মুসা ইব্রাহীম যদি শুভেচ্ছাদূত হিসেবে সুন্দরবনের পক্ষে প্রচারণা চালান, তাহলে প্রচারণা আরও বেগবান হবে। এতে দেশে-বিদেশে সুন্দরবনের পরিচিতি বাড়বে, মানুষ সুন্দরবন সম্পর্কে জানবে এবং ভোট দিয়ে সুন্দরবনকে নির্বাচিত করতে উৎসাহিত হবে।সরকারি বি এল কলেজের সাবেক অধ্যক্ষ মো. জাফর ইমামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। তিনি মুসা ইব্রাহীমের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের নির্বাহী পরিচালক ও সুন্দরবন সমর্থক কমিটির সদস্যসচিব রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুন্দরবন সমর্থক কমিটির আহ্বায়ক লিয়াকত আলী, নাগরিক ফোরামের চেয়ারপারসন মুক্তিযোদ্ধা শেখ আবদুল কাইয়ুম, ইলাক্সের অধ্যক্ষ এম এ কাইয়ূম, খুলনা প্রেসক্লাবের সভাপতি আহাম্মদ আলী, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, প্রথম আলোর উপ-ফিচার সম্পাদক পল্লব মোহাইমেন প্রমুখ।