সুন্দরবনের পক্ষে ভোট চাইলেন প্রধানমন্ত্রী
প্রাকৃতিক সপ্তাশ্চর্যের তালিকায় সুন্দরবনকে অন্তর্ভুক্ত করতে এর পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় পরিবেশ পদক-২০১০ বিতরণ এবং সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য হিসেবে নির্বাচন প্রচারাভিযান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। পাশাপাশি যেসব কলকারখানায় এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (ইটিপি) স্থাপন হয়নি সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দেন তিনি। খবর বাসস ও ইউএনবির।শেখ হাসিনা বলেন, সুন্দরবন প্রাকৃতিক সপ্তাশ্চর্য হিসেবে নির্বাচিত হলে বিশ্বে বাংলাদেশের সুনাম বাড়বে। একে কেন্দ্র করে ইকো-ট্যুরিজম চালুর ব্যবস্থা করা হবে। তাতে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ হবে। পরিবেশ সংরক্ষণে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যারা নির্বিচারে গাছ কাটা, পাহাড় কাটা, নদী দখল ইত্যাদির সঙ্গে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে অভিযান চলছে। তিনি বলেন, ‘কোনো ব্যক্তি বা গোষ্ঠী সুবিধা লাভের জন্য পরিবেশের ক্ষতি করলে তা সহ্য করা হবে না।’ তিনি জানান, বর্তমানে শুধু বিভাগীয় শহরগুলোতে পরিবেশ অধিদপ্তরের কার্যালয় রয়েছে। শিগগিরই ২১টি জেলায় অধিদপ্তরের শাখা স্থাপন করা হবে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, সচিব মিহির কান্তি মজুমদার, প্রধান বনসংরক্ষক ইশতিয়াক উদ্দিন আহমদ বক্তৃতা করেন।পরিবেশ পদক বিতরণ: এর আগে পরিবেশ রক্ষায় অবদানের জন্য তিনটি প্রতিষ্ঠান ও এক ব্যক্তিকে জাতীয় পরিবেশ পদক তুলে দেন প্রধানমন্ত্রী। পদক পাওয়া প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (পরিবেশগত শিক্ষা ও প্রচার), চট্টগ্রাম সিটি করপোরেশন (পরিবেশ সংরক্ষণ) ও ইকো টেক্সট লিমিটেড (পরিবেশের দূষণ রোধ)। এ ছাড়া পরিবেশবিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন শাখায় পদক পেয়েছেন হুমায়ুন কবির। বাপার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছ থেকে পদকটি গ্রহণ করেন বাপার সভাপতি শিক্ষাবিদ মোজাফ্ফর আহমদ।