সুন্দরবনের পাশে জাহাজভাঙা শিল্প স্থাপন নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যপূর্ণ এলাকা সুন্দরবনের পাশে জাহাজভাঙা শিল্প স্থাপনের সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশসহ (টিআইবি) সাতটি সংগঠন। গতকাল রোববার পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। টিআইবি ছাড়া বিবৃতিদাতা অন্য ছয় সংগঠন হচ্ছে আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও নিজেরা করি।বিবৃতিতে সাতটি সংগঠনের পক্ষ থেকে বলা হয়, গুরুতর দূষণকারী ‘লাল শ্রেণীভুক্ত’ হিসেবে চিহ্নিত জাহাজভাঙা শিল্পের অপরিকল্পিত কর্মকাণ্ড ও অনিয়ন্ত্রিত দূষণের ফলে ইতিমধ্যে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার উপকূলীয় বনভূমি ও জীববৈচিত্র্য ধ্বংস হয়ে গেছে। সুন্দরবনের নিষিদ্ধ এলাকায় জাহাজভাঙা শিল্পের মতো এমন মারাত্মক দূষণকারী একটি শিল্প গড়ে উঠলে সার্বিক পরিবেশ দূষণ হবে। সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি ও বাপার বিবৃতি: পৃথক আরেকটি বিবৃতিতে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি ও বাপা বলেছে, এ জাহাজভাঙা শিল্প স্থাপনের পরিকল্পনা সুন্দরবন বিষয়ে সরকারের উদাসীনতারই প্রকাশ।