সুন্দরবনের পাশে জাহাজভাঙা শিল্প স্থাপন বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের পাশে জাহাজভাঙা শিল্প স্থাপন বন্ধ করার দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি নারায়ণগঞ্জ জেলা শাখা। এ জন্য কাল বুধবার বেলা সাড়ে তিনটায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবে সংগঠনটি। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সংগঠনের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুন্দরবনের পাশে বলেশ্বর নদের তীরে জাহাজভাঙা শিল্প স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সুন্দরবন থেকে ছয় কিলোমিটার দূরে বরগুনার পাথরঘাটা উপজেলার গাববাড়িয়ার চরে এ শিল্প স্থাপিত হচ্ছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। অথচ বন আইন, পরিবেশ সংরক্ষণ আইন এবং জাতিসংঘের রামসার কনভেনশন অনুযায়ী সুন্দরবনের ১০ কিলোমিটার এলাকার মধ্যে ভারী ইমারত ও স্থাপনা নির্মাণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের অংশ। জাহাজভাঙা শিল্প স্থাপিত হলে ব্যাপক হারে পানি, বায়ু ও শব্দদূষণের কবলে পড়বে সাগর ও সুন্দরবন। তা সত্ত্বেও সরকার তার মেয়াদের শেষ সময়ে এসে জাতীয় স্বার্থবিরোধী এ পরিকল্পনা বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছে। দেশবিরোধী এমন সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সরকারকে আহ্বান জানাই। মুষ্টিমেয় কিছু ব্যক্তির স্বার্থের জন্য এমন ভয়াবহ পরিকল্পনা দেশবাসী কখনো মেনে নেবে না।’