সুন্দরবনের পাশে শিল্পের অনুমোদনে নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনের চারপাশে ১০ কিলোমিটার এলাকায় এমন ১৫০টি নতুন শিল্পকারখানা স্থাপনের প্রক্রিয়া চলছে। এদের অনেকেই সুন্দরবনের পাশে নদী থেকে বালু তুলে জমি উঁচু করছে। ছবিটি সম্প্রতি সুন্দরবনের পাশে মোংলার দিগরাজ এলাকা থেকে তোলা l প্রথম আলো
সুন্দরবনের চারপাশে ১০ কিলোমিটার এলাকায় এমন ১৫০টি নতুন শিল্পকারখানা স্থাপনের প্রক্রিয়া চলছে। এদের অনেকেই সুন্দরবনের পাশে নদী থেকে বালু তুলে জমি উঁচু করছে। ছবিটি সম্প্রতি সুন্দরবনের পাশে মোংলার দিগরাজ এলাকা থেকে তোলা l প্রথম আলো

সুন্দরবনের আশপাশের ১০ কিলোমিটার এলাকায় নতুন শিল্পকারখানা স্থাপনের অনুমোদনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সেখানে কতটি শিল্পকারখানা রয়েছে, এর তালিকা ছয় মাসের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে।

পরিবেশসচিব, শিল্পসচিব, ভূমিসচিব ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি এই নির্দেশ দিয়ে আগামী বছরের ১ মার্চ পরবর্তী দিন রেখেছেন আদালত। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার রুলসহ এ আদেশ দেন।

প্রথম আলোতে ১১ আগস্ট ‘সুন্দরবনের গলায় কারখানার ফাঁস’ এবং ১২ জুলাই ‘সুন্দরবনের চারপাশে ১৮৬টি শিল্প ও প্রকল্প’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রথম আলোর প্রতিবেদনসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে ২২ আগস্ট রিট আবেদনটি করেন সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের সভাপতি শেখ ফরিদুল ইসলাম। রিটে সুন্দরবনের ১০ কিলোমিটার এলাকার মধ্যে স্থাপিত শিল্পকারখানা অন্যত্র সরিয়ে নিতে নির্দেশনা চাওয়া হয়।

গতকাল রিট আবেদনের ওপর শুনানি হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ মোহাম্মদ জাকির হোসেন, সঙ্গে ছিলেন আইনজীবী এহতেশামুল করিম। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন।

পরে আইনজীবী জাকির হোসেন প্রথম আলোকে বলেন, সুন্দরবনের আশপাশের ১০ কিলোমিটার এলাকা পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে ঘোষণা করা হলেও পরিবেশ অধিদপ্তর ইতিমধ্যে কমবেশি ১৫০টি শিল্পপ্রতিষ্ঠানকে প্রকল্প করার জন্য অবস্থানগত ছাড়পত্র দিয়েছে বলে গণমাধ্যমে সম্প্রতি প্রকাশিত খবরে দেখা যায়। এর বৈধতা চ্যালেঞ্জ করে ওই রিটটি করা হয়। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সুন্দরবনের আশপাশের ১০ কিলোমিটার এলাকায় নতুন শিল্পকারখানা স্থাপনের অনুমোদনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

৬ আগস্ট দেশের পরিবেশবিষয়ক সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি অর্থাৎ জাতীয় পরিবেশ কমিটি থেকে সুন্দরবন ঘেঁষে মোট ৩২০টি শিল্পকারখানাকে কার্যক্রম পরিচালনার নীতিগত অনুমোদন দেয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ওই সভায় সরকারের নয়জন মন্ত্রী কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন। এই ৩২০টি শিল্পকারখানার মধ্যে ১৮৬টি ইসিএ ঘোষণার আগেই সেখানে স্থাপন করা হয়েছিল। এরপর নতুন করে ১১৮টি শিল্পকারখানা ও প্রকল্পকে অবস্থানগত ছাড়পত্র দেয় পরিবেশ অধিদপ্তর। এ ছাড়া আরও ১৬টি প্রতিষ্ঠান কারখানা স্থাপনের অনুমতি চায়। জাতীয় পরিবেশ কমিটি এই ৩২০ শিল্পকারখানাকে অনুমোদন দেয়।

ছয় মাসের মধ্যে সুন্দরবনের আশপাশের ১০ কিলোমিটার এলাকায় থাকা শিল্পকারখানার তালিকা দাখিলের নির্দেশ

১৯৯৯ সালে পরিবেশ ও বন মন্ত্রণালয় সুন্দরবনের চারপাশের ১০ কিলোমিটার এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে। এখানে কলকারখানাসহ যেকোনো উন্নয়নকাজ করার আগে বন ও বনের প্রাণীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য নানা রকম শর্ত দিয়ে বিধি করা হয়।

গত জুলাই মাসে ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য কমিটির ৪১তম অধিবেশনে ২০১৮ সালের আগে সুন্দরবনের পাশে কোনো ধরনের শিল্পকারখানা করতে বারণ করা হয়েছে। ওই সময়ের মধ্যে সুন্দরবনসহ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর একটি কৌশলগত পরিবেশ সমীক্ষা (এসইএ) করে ইউনেসকোর কাছে জমা দিতে হবে। ইউনেসকো তা পর্যালোচনা করে তারপর সেখানে কোনো শিল্পপ্রতিষ্ঠান করা যাবে কি যাবে না, সে ব্যাপারে তাদের সম্মতি জানাবে।

এ ব্যাপারে জানতে চাইলে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘সুন্দরবন ইসিএ এলাকায় ৩২০ শিল্পকারখানার অনুমোদন পরিবেশবিষয়ক রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে দেওয়া হয়েছে। উচ্চ আদালত থেকে আমাদের মন্ত্রণালয়কে সুন্দরবনের পাশে ১০ কিলোমিটারের মধ্যে কী কী শিল্পপ্রতিষ্ঠান আছে, তার তালিকা চেয়েছে। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে তা দিতে পারব।’

গতকাল দেওয়া রুলে সুন্দরবনের আশপাশের ১০ কিলোমিটার এলাকাজুড়ে শিল্পকারখানা স্থাপনের অনুমোদন কেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ১৯৯৯ সালের ৩০ আগস্টের প্রজ্ঞাপনের লঙ্ঘন বলে ঘোষণা করা হবে না এবং নতুন শিল্পকারখানা অনুমোদন কেন বন্ধ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

পরিবেশসচিব, স্বরাষ্ট্রসচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, খুলনার জেলা প্রশাসক ও পুলিশ সুপার, বাগেরহাটের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, সাতক্ষীরার জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং বরগুনার জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিট আবেদনকারীর যুক্তি, ১৯৯৯ সালের ৩০ আগস্ট এক প্রজ্ঞাপনে সংরক্ষিত সুন্দরবনের চারদিকে ১০ কিলোমিটার এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয়। এ অনুসারে সেখানে ভূমি, পানি, বায়ু ও শব্দদূষণকারী শিল্পপ্রতিষ্ঠান স্থাপন করা যাবে না। অথচ পরিবেশ অধিদপ্তর ইতিমধ্যে প্রায় ১৫০টি শিল্পপ্রতিষ্ঠানকে প্রকল্প করার জন্য অবস্থানগত ছাড়পত্র দিয়েছে, যার মধ্যে জাহাজভাঙা শিল্পসহ পরিবেশদূষণকারী প্রকল্পও আছে। এসব শিল্পকারখানা স্থাপনের অনুমোদন সংবিধানের ১৮(ক) অনুচ্ছেদ ও ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইনের পরিপন্থী।

এ ব্যাপারে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ প্রথম আলোকে বলেন, সরকার যে প্রচলিত আইন লঙ্ঘন করে সুন্দরবনের পাশে দূষণকারী শিল্পকারখানা করার অনুমোদন দিয়েছিল, উচ্চ আদালতের নিষেধাজ্ঞায় তা আবারও প্রমাণিত হলো। একইভাবে সরকার দেশের ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সুন্দরবনের পাশে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। এই নিষেধাজ্ঞা থেকে শিক্ষা নিয়ে সরকারের উচিত রামপালসহ সুন্দরবনের পাশের সব শিল্পকারখানা সরিয়ে ফেলা।