সুন্দরবনের পাশের সব প্রকল্প বাতিল করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপাল-ওরিয়ন বিদ্যুৎ প্রকল্পসহ সুন্দরবনের চারপাশে অনুমোদন দেওয়া সব শিল্পকারখানার নির্মাণ বন্ধের দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। পরিবেশ আইনে সুন্দরবনের চারপাশের শিল্পকারখানা অনুমোদন দেওয়ার বিধান না থাকলেও পরিবেশ অধিদপ্তর থেকে দেড় শ কারখানাকে অনুমোদন দেওয়া হয়েছে এই অভিযোগ তুলে নেতারা তা বাতিলের দাবি জানান। তাঁরা এসব দাবিতে ২৬ জানুয়ারি জাতীয় কমিটি থেকে ডাকা অর্ধদিবস হরতাল পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

জাতীয় কমিটির ডাকা ওই অর্ধদিবস হরতালের সমর্থনে গতকাল রোববার পদযাত্রার আয়োজন করা হয়। প্রেসক্লাব থেকে মতিঝিল পর্যন্ত ওই পদযাত্রায় জাতীয় কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন বাম সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। এর আগে তাঁরা জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন।

সমাবেশে জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ বলেন, সুন্দরবন ধ্বংস করে দেশের উপকূলের পাঁচ কোটি মানুষ ঝড়-জলোচ্ছ্বাসের মুখে অরক্ষিত হয়ে পড়বে। সুন্দরবনের ওপর নির্ভরশীল লাখ লাখ মানুষের জীবিকা ধ্বংস হয়ে যাবে।

সমাবেশে সিপিবির রুহিন হোসেন প্রিন্স, বাসদের বজলুর রশিদ ফিরোজ ও গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি বক্তব্য দেন।