সুন্দরবনের ফলে ‘জ্বালানি’ বনভূমির বিস্তার ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষেধাজ্ঞা থাকার পরও সুন্দরবন থেকে ভেসে আসা গাছের ফল জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে। বনের পাশের সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পাঁচটি ইউনিয়নের ২০ হাজার পরিবার রান্নার কাজে এ ফল ব্যবহার করছে। এতে বনভূমির বিস্তার যেমন ব্যাহত হচ্ছে, তেমনি উপকূলীয় এলাকায় ভাঙন দেখা দিচ্ছে।শ্যামনগর উপজেলার কলবাড়ী, মীরগাং, গোলাখালী, সিংহড়তলী, চুনকুড়িসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বনের পাশের নদ-নদীর জোয়ারের পানিতে ভেসে আসা ফল স্থানীয় লোকজন সংগ্রহ করে সড়কের ওপর স্তূপাকারে রেখে রোদে শুকাচ্ছে। পরে তা বাড়িতে নিয়ে রান্নার কাজে ব্যবহার করা হয়।গ্রামবাসী জানান, সুন্দরবনের গরান, গেওয়া, খলিশা, কাঁকড়া, সুন্দরী, পশুর, বাইনসহ বিভিন্ন প্রজাতির গাছের ফল জোয়ারের পানিতে লোকা লয়ে ভেসে আসে। ভেসে আসার পর তাঁরা নদীর তীর থেকে জাল ও ঝুড়ি দিয়ে সংগ্রহ করেন। পরে তাঁরা এগুলো বাড়িতে নিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করেন।সুন্দরবন পশ্চিমাঞ্চলের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা তৌফিকুল ইসলাম জানান, শ্বাসমূলীয় বনের স্বাভাবিক নিয়ম হচ্ছে, গাছ থেকে ফল ঝরে পড়ে তা থেকে আবার গাছ জন্মাবে। জোয়ার-ভাটায় ফল কিংবা বীজ ভাসতে ভাসতে যেখানে আটকে যাবে, সেখানে গাছ জন্মে গড়ে উঠবে বন। ফল নষ্ট করলে সুন্দরবনের গাছের স্বাভাবিক বংশবিস্তার ব্যাহত হবে।শ্যামনগরের আতরজান মহিলা কলেজের অধ্যক্ষ আশেক-ই-এলাহি জানান, প্রাকৃতিক নিয়মেই সুন্দরবনে গাছ জন্মায়। সুন্দরবনের অধিকাংশ গাছ থেকে এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত ফল ঝরে পড়ে। জোয়ারের সময় বনে নদীর পানি ঢোকে। এ সময় ঝরে পড়া ফল ওই পানিকে ভাসতে ভাসতে লোকালয়ে চলে আসে। ভাটার সময় ওই ফল নদীর চরে আটকে যায়। তা থেকে জন্মায় গাছ। এভাবে সুন্দরবনে গাছের বংশবিস্তারের মাধ্যমে বনের বিস্তার ঘটে। কিন্তু এ ফল জ্বালানি হিসেবে ব্যবহার করলে বনের বিস্তার ব্যাহত হবে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে এবং উপকূলীয় এলাকার বাঁধে ভাঙন দেখা দেবে।সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম জানান, বন আইনে সুন্দরবন এলাকার মধ্যে থেকে গাছ থেকে ঝরে পড়া ফল সংগ্রহ নিষিদ্ধ। বনের আশপাশের এলাকার লোকজনকে সচেতন করতে তাঁরা জুলাই থেকে আগস্ট পর্যন্ত ফল সংগ্রহ না করার জন্য প্রচারও চালান। কিন্তু এর পরও লোকজন ফল সংগ্রহ করে তা জ্বালানি হিসেবে ব্যবহার করছে। জনবলসংকটের কারণে এ ব্যাপারে তাঁরা যথাযথ ব্যবস্থা নিতে পারছেন না।শ্যামনগর উপজেলার সিংহড়তলী গ্রামের বাবুর আলীর স্ত্রী সফুরা বেগম বলেন, ‘গেরামে কাঠ কিম্বা খর-কুটোর খুব ওভাব। তাই বন থ্যাকে ভ্যাসে আসা ফল তুলে আমরা জ্বালানি করি।’ এই ফল সংগ্রহের বিষয়ে বনবিভাগ বা অন্য কেউ আপত্তি করে কি না, তা জানতে চাইলে একই গ্রামের মধুমিতা মণ্ডল জানান, তাঁদের কেউ এই ফল তুলতে নিষেধ করেনি।বন বিভাগের পক্ষে সামাজিক বনায়নে শ্যামনগর উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, যে এলাকায় তাঁরা বনায়নের কাজ করছেন, ওইসব এলাকায় কাউকে সুন্দরবন থেকে ভেসে আসা ফল তুলতে দেওয়া হয় না।