সুন্দরবনের বাঘ ফের লোকালয়ে
সুন্দরবন থেকে বেরিয়ে একটি বাঘ গতকাল শুক্রবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন ঘেঁষা গ্রাম গোলাখালীর সুবল মিস্ত্রির বাড়িতে ঢুকে একটি ছাগল নিয়ে যায়। এ ঘটনায় ওই গ্রামের মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।গোলাখালী গ্রামের রবীন্দ্রনাথ মণ্ডল জানান, ভোরে বিশাল আকারের একটি বাঘ গ্রামের সুবল মিস্ত্রির বাড়িতে ঢুকে ঘর ভেঙে একটি ছাগল নিয়ে চলে যায়। পরে বাঘটি গ্রাম ও বনের মধ্যকার খালের পাশে অবস্থায় নেয়। সকাল সাতটার দিকে গ্রামের মানুষ ও বন বিভাগের লোকজন গুলি ছুড়ে, বাজি ফুটিয়ে ও হল্লা দিয়ে শব্দ করলে বাঘটি বনের মধ্যে চলে যায়।গত ২০ ফেব্রুয়ারি আবাসস্থল ছেড়ে লোকালয়ে আসা একটি বাঘকে আটক করে সুন্দরবনে ছেড়ে দেন বন বিভাগ ও স্থানীয় টাইগার রেসপন্ডস দলের সদস্যরা। বাঘটিকে তখন ট্রাঙ্কুলাইজার গানের মাধ্যমে অচেতন করা হয়।সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক তৌফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, বাঘটি বড় ধরনের কোনো ক্ষতি করতে পারেনি। শুধু একটি ছাগল ধরে নিয়ে গেছে। বন বিভাগ, টাইগার রেসপন্ডস দল ও গ্রামবাসীর গুলি, বাজি ও হল্লার শব্দে এটি বনে ফিরে যায়।