সুন্দরবনে বাঘের আক্রমণে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে একজন নিহত হয়েছেন। আজ সোমবার সকাল আটটার দিকে পশ্চিম সুন্দরবনের কৈখালী স্টেশনের বিপরীতে ভারতীয় অংশে সাতনলায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রুহুল আমিন শেখ (৪০)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চাঁদনিমুখো গ্রামের বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শী চাঁদনিমুখো গ্রামের বাসিন্দা শাখাওয়াত শেখ ও শাহ আলম শেখের ভাষ্য, তাঁরা ১০ জন মিলে ২ এপ্রিল পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে মধু সংগ্রহের পাস নেন। এরপর সুন্দরবনে ঢোকেন। পরে মধু সংগ্রহ করতে করতে সুন্দরবনের ভারতের অংশে ঢুকে পড়েন তাঁরা। আজ সকালে সাতনলা নামক স্থানে মধু সংগ্রহ করতে গেলে একটি বাঘ তাঁদের ওপর হামলা করে। এ সময় তাঁরা লাঠি ও নৌকার বইঠা নিয়ে বাঘটিকে ঠেকানোর চেষ্টা চালান। একপর্যায়ে বাঘটি রুহুল আমিনকে ধরে নিয়ে যায়। পরে বনের প্রায় এক কিলোমিটার ভেতর থেকে তাঁর ছিন্নভিন্ন লাশ উদ্ধার করা হয়।

সুন্দরবন ওয়াইল্ড টিমের সদস্য মুজিবুল হক জানান, রুহুল আমিন বাঘের আক্রমণে নিহত হয়েছেন। তবে তা সুন্দরবনের বাংলাদেশ অংশে, না ভারতীয় অংশে, এ ব্যাপার নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ঘটনাটি লোকমুখে শুনেছেন। এখনো নিশ্চিত হতে পারেননি তিনি।