সুন্দরবনের বাঘের বাড়ি সবচেয়ে ছোট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন এক গবেষণায় জানা গেছে, সুন্দরবনের একেকটি বাঘের নিজস্ব রাজ্য বা ‘টেরিটরি’ মাত্র ১৫ বর্গকিলোমিটার। এ তথ্য অনুযায়ী পৃথিবীতে এখন যত প্রজাতির বাঘ আছে, তার মধ্যে সুন্দরবনের বাঘ বা রয়েল বেঙ্গল টাইগারই সবচেয়ে কম জায়গা নিয়ে থাকতে পারে। এই অল্প স্থানেই এখানকার বাঘ তার প্রয়োজনীয় খাদ্য পায়। সরকারি হিসাব অনুযায়ী, সুন্দরবনের বাংলাদেশ অংশের ছয় হাজার বর্গকিলোমিটারের মধ্যে সাড়ে চার শ বাঘ রয়েছে।বিশেষজ্ঞদের মতে, ভারতে একটি বাঘের জন্য ১৬ থেকে ২৭ বর্গকিলোমিটার জায়গার প্রয়োজন হয়। রাশিয়ার একটি বাঘ ৪০০ বর্গকিলোমিটার পর্যন্ত এলাকা নিয়ে তার রাজ্য গড়ে তোলে। উল্লেখ্য, বনের অবস্থা, খাদ্যের প্রাপ্যতা, মৌসুম ইত্যাদির ওপর ভিত্তি করে বাঘের নিজস্ব বিচরণক্ষেত্র বা টেরিটরির আকার নির্ভর করে।বাংলাদেশ বন বিভাগ ও যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের এক যৌথ গবেষণায় বাংলাদেশের সুন্দরবনের বাঘ সম্পর্কে উল্লিখিত তথ্য বেরিয়ে এসেছে। এই গবেষণায় জিওগ্রাফিক্যাল পজিশনিং সিস্টেমের (জিপিএস) মাধ্যমে বাঘের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। এর ফলাফল সম্প্রতি ফনা অ্যান্ড ফ্লোরা ইন্টারন্যাশনালের সংরক্ষণবিষয়ক সাময়িকী অরেক্স-এ প্রকাশিত হয়েছে। ওই গবেষণায় বলা হয়েছে, সুন্দরবন বাঘের জন্য একটি চমৎকার আবাসস্থল। বর্তমানে এখানে যে সংখ্যক বাঘ থাকে তার চেয়ে আরও বেশি বাঘের বসবাসের সুযোগ রয়েছে।গবেষণায় সুন্দরবনের দুটি পূর্ণবয়স্ক বাঘিনীর গতিবিধি লক্ষ করা হয়। অন্যতম গবেষক ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অব বাংলাদেশ এবং দি জুলজিক্যাল সোসাইটি অব লন্ডনের অ্যাডাম বারলো প্রথম আলোকে বলেন, যদি কোনো বনে প্রচুর পরিমাণে শিকার (সুন্দরবনের ক্ষেত্রে হরিণ) থাকে, তাহলে সেখানে বাঘিনীর বিচরণক্ষেত্র ছোট হয়। কিন্তু যদি শিকার কম থাকে তাহলে বাঘ যথেষ্ট পরিমাণ খাবারের প্রাপ্যতা নিশ্চিত করতে বিচরণক্ষেত্র বড় করে তোলে। কাজেই যদি একটি বনে বাঘিনীর বিচরণক্ষেত্র ছোট হয় তাহলে বোঝা যায়, সেখানে প্রচুরসংখ্যক হরিণ বা অন্য শিকার রয়েছে। এটি ওই বনে অনেক বাঘ থাকার সম্ভাবনাও নিশ্চিত করে। বাঘের শাবককে প্রায় সব ক্ষেত্রেই বাঘিনী একাই লালন-পালন করে।অ্যাডাম বারলো বলেন, ‘এই গবেষণায় দেখা গেছে, সুন্দরবনের প্রচুরসংখ্যক বাঘ ধারণের ক্ষমতা রয়েছে। যদি আপনি বাঘ ভালোবাসেন, তাহলে এটা আপনার জন্য একটি বিরাট খুশির সংবাদ।’এ গবেষণার জন্য সুন্দরবনের দুটি বাঘকে গলায় কলার (গতিবিধি পর্যবেক্ষণের জন্য যান্ত্রিক মালা) পরানো হয়েছিল। এর মধ্যে একটি বৃদ্ধ বাঘ ছয় মাস পর্যবেক্ষণে রাখার পর মারা যায়। গবেষকেরা বলছেন, তার মৃত্যুর কারণ ‘সম্ভবত প্রাকৃতিক’। দ্বিতীয় বাঘটিকেও ছয় মাস পর্যবেক্ষণে রাখা হয়। এরপর কলার খুলে তাকে আবার বনে ছেড়ে দেওয়া হয়।এই গবেষণার আরেক লেখক বন বিভাগের কর্মকর্তা নাসের হোসাইন তাঁদের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘আমরা কাজ করছিলাম বন্য বাঘদের নিয়ে এবং তারা যেকোনো মুহূর্তেই জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। কিন্তু শেষ পর্যন্ত আমরা অত্যন্ত আশানুরূপ ফল পেলাম।’ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অব বাংলাদেশের প্রধান নির্বাহী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন, ‘এই বিপন্নপ্রায় প্রাণীটির ভবিষ্যৎ সুরক্ষার একটি বিরাট সুযোগ বাংলাদেশের রয়েছে। কিন্তু বাঘ সংরক্ষণের জন্য বনের মধ্যে বাঘ কীভাবে বেঁচে থাকে এবং তাদের বেঁচে থাকার জন্য কী কী প্রয়োজন, তা জানা দরকার। এই গবেষণাটি সুন্দরবনের বাঘ সম্পর্কে আমাদের জ্ঞানের সীমা অনেক বাড়িয়ে দিয়েছে।’