সুন্দরবনের ভদ্রা নদীতে লোনা পানির দুটি কুমির অবমুক্ত
সুন্দরবনের ভদ্রা নদীতে লোনা পানির দুটি কুমির অবমুক্ত করা হয়েছে। সুন্দরবন পূর্ব বিভাগের করমজল বন্য প্রাণী প্রজননকেন্দ্রে বড় হওয়া পাঁচ ও ছয় বছর বয়সী কুমির দুটি গত রোববার বিকেলে ভদ্রা নদীতে অবমুক্ত করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। এর আগে গত চার বছরে পাঁচ দফায় বাগেরহাটের মংলায় অবস্থিত করমজল কুমির প্রজননকেন্দ্র থেকে লোনা পানির মোট ৭০টি কুমির অবমুক্ত করা হয়। এ ছাড়া এ কেন্দ্র থেকে চট্টগ্রামের ডুলাহাজরা সাফারি পার্কে পাঁচটি ও পটুয়াখালী বন বিভাগকে তিনটি কুমির দেওয়া হয়েছে। পূর্ব সুন্দরবনের করমজল বন্য প্রাণী প্রজননকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রব জানান, রোববার বিকেলে পূর্ব সুন্দরবনের ভদ্রা নদীতে গওহর রিজভী কুমির দুটি অবমুক্ত করেন। এ সময় সুন্দরবন বিভাগের বন সংরক্ষক আকবর হোসেন, সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জহির উদ্দিন আহমেদ, সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আমীর হোসাইন চৌধুরীসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, লোনা পানির কুমিরের প্রজনন বৃদ্ধি ও লালন-পালনের জন্য ২০০২ সালে পূর্ব সুন্দরবনের করমজল পর্যটনকেন্দ্রে বায়োডাইভার্সিটি কনজারভেশন প্রকল্পের আওতায় ৩২ লাখ টাকা অর্থায়নে আট একর জায়গার ওপর বন বিভাগের উদ্যোগে গড়ে তোলা হয় দেশের একমাত্র কুমির প্রজনন ও সংরক্ষণকেন্দ্রটি। শুরুতে জেলেদের জালে আটকা পড়া দুটি কুমির দিয়ে এ কেন্দ্রের প্রজনন কার্যক্রম শুরু হয়।