সুন্দরবনের ভেতর দিয়ে নৌ চলাচল স্থায়ীভাবে বন্ধ
সুন্দরবনের ভেতর দিয়ে নৌযান চলাচল স্থায়ীভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। এখন থেকে চট্টগ্রাম ও বিদেশি বন্দর থেকে আসা জাহাজগুলো মংলা-ঘসিয়াখালী চ্যানেল দিয়ে চলাচল করবে।
এ বিষয়ে গতকাল বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায় প্রথম আলোকে বলেন, ‘সুন্দরবনের শ্যালা নদী দিয়ে নৌযান চলাচল বন্ধের সিদ্ধান্ত গত মঙ্গলবার থেকেই কার্যকর করা হয়েছে। আমরা এখন থেকে স্থায়ীভাবে নৌযান চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।’
১২ ফুটের বেশি গভীরতার (জাহাজের তল থেকে পানির উপরিতল) জাহাজগুলো ঘসিয়াখালী খাল দিয়ে চলাচল করতে পারত না। তাই সেগুলো শ্যালা নদী দিয়ে চলাচল করত বলে ব্যাখ্যা দিয়ে আসছিল কর্তৃপক্ষ। অবশ্য গত সোমবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) শ্যালা নদী দিয়ে জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দেয়।
এ বিষয়ে নৌপরিবহন সচিব বলেন, ‘জাহাজে পণ্যের পরিমাণ কমালেই তা ১২ ফুট গভীরতার মধ্যে চলতে পারবে। ফলে আশা করি কোনো সমস্যা হবে না।’
২০১৪ সালের ডিসেম্বরে সুন্দরবনের শ্যালা নদীতে জয়মনিরঘোল এলাকায় সাড়ে তিন লাখ লিটার ফার্নেস তেলবাহী একটি জাহাজ ডুবে গেলে বনের ৩০০ বর্গকিলোমিটার এলাকায় সেই তেল ছড়িয়ে পড়ে। এতে সেখানে দীর্ঘমেয়াদি পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করেন বিশেষজ্ঞরা। পরে বনের একই এলাকায় দুটি কয়লা ও একটি ছাইবাহী জাহাজ ডুবির ঘটনা ঘটে। সর্বশেষ গত শনিবার পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীতে কয়লাবোঝাই জাহাজ ডুবির ঘটনা ঘটে।
সর্বশেষ জাহাজডুবির ঘটনায় গতকাল বন বিভাগের তদন্ত কমিটি শ্যালা নদী দিয়ে স্থায়ীভাবে নৌযান চলাচল বন্ধের সুপারিশ করে।