সুন্দরবনের ভেতর দিয়ে নৌ চলাচলের অনুমতি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের ভেতরে শ্যালা নদী দিয়ে নৌ চলাচলের অনুমতি দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। সুনিয়ন্ত্রিতভাবে নৌযান চলাচলের অনুমতি না দিলে আজ বুধবার রাত ১২টা এক মিনিট থেকে দেশের সব পণ্যবাহী নৌযান শ্রমিকেরা লাগাতার কর্মবিরতিতে যাবেন বলে হুমকি দিয়েছে সংগঠনটি।
রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গতকাল মঙ্গলবার সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটি এ হুমকি দেয়।
সুন্দরবনের শ্যালা নদীতে গত ৯ ডিসেম্বর তেলবাহী একটি জাহাজ ডুবে যায়। জাহাজে থাকা সাড়ে তিন লাখ লিটারের বেশি ফার্নেস তেল সুন্দরবন এলাকায় ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর থেকে এই নৌপথটি বন্ধ রেখেছে সরকার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম বলেন, কর্তৃপক্ষের অবহেলায় ২০১১ সালে ঘষিয়াখালী নৌপথটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। সেই সময় মংলা বন্দরের সঙ্গে পণ্য পরিবহন ধরে রাখতে সুন্দরবনের ভেতর দিয়ে শ্যালা নদী দিয়ে বগি-জয়মণি-মংলা নৌপথটি চালু হয়। নৌপথটি প্রায় ৭১ কিলোমিটার দীর্ঘ।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, বগি-জয়মণি-মংলা নৌপথটি বন্ধ করে দেওয়া হলে মংলা বন্দর সচল রাখা যাবে না। বহু শ্রমিক কর্মহীন হয়ে পড়বেন। লবণ ও সিমেন্টসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গড়ে ওঠা
অনেক শিল্প বন্ধ হয়ে যাবে। তাই ঘষিয়াখালী খাল দ্রুত খনন করে চালু করার দাবি জানায় সংগঠনটির নেতারা। খালটি খনন সম্পন্ন না হওয়া পর্যন্ত পরিকল্পিত ও নিয়ন্ত্রিতভাবে শ্যালা নদী নিয়ে জাহাজ চলাচলের ব্যবস্থা করার দাবি জানান তাঁরা।