সুন্দরবনের ভেতরে নৌপথ বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় বছরে সুন্দরবনের মধ্য দিয়ে চলাচলকারী জাহাজের সংখ্যা বেড়েছে প্রায় তিন গুণ। এ অবস্থায় বনের ভেতর দিয়ে বয়ে চলা শ্যালা নদীসহ স্পর্শকাতর নৌপথগুলো বন্ধ না করা গেলে তা হবে বনের প্রাণ-প্রতিবেশের জন্য হুমকিস্বরূপ। তাই বনের সার্বিক নিরাপত্তা বিধানে নৌপথগুলো স্থায়ীভাবে বন্ধের দাবি তুলেছেন বক্তারা।
গতকাল মঙ্গলবার শ্যালা নদীতে তেলবাহী ট্যাংকারডুবির বর্ষপূর্তিতে এক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ বন বিভাগ ও ম্যানগ্রোভস ফর দ্য ফিউচার।
গত বছরের ৯ ডিসেম্বর সকালে সুন্দরবনের শ্যালা নদীতে সাড়ে তিন লাখ লিটারেরও বেশি ফার্নেস তেল নিয়ে সাউদার্ন স্টার-৭ নামের একটি ট্যাংকার ডুবে যায়।
সভায় আলোচকেরা বলেন, ট্যাংকারডুবির ঘটনায় হুমকির মুখে পড়া সুন্দরবনের প্রাণ-প্রতিবেশের অবস্থা প্রকৃতিগতভাবেই স্বাভাবিক হয়ে এসেছে। কিন্তু এখনই যদি বনের সংরক্ষিত ও স্পর্শকাতর অঞ্চল দিয়ে বাণিজ্যিক নৌযান চলাচল স্থায়ীভাবে বন্ধ না করা যায়, তাহলে ভবিষ্যতে এর চেয়েও বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
সভায় ‘সুন্দরবন অয়েল স্পিল ফলোআপ: ফ্রম দ্য পারস্পেকটিভ অব অ্যা বায়োলজিস্ট’ শীর্ষক নিবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক নিয়ামুল নাসের।
সভায় বক্তব্য দেন প্রধান বন সংরক্ষক মো. ইউনুছ আলী, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুল কবির, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ইশতিয়াক উদ্দিন আহমেদ, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর খুরশিদ আলম এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা ইউএসএআইডির পরিবেশবিষয়ক টিম লিডার কার্ল রুস্টার।