সুন্দরবনের ভেতরে নৌপথ স্থায়ীভাবে বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের ভেতর দিয়ে নৌপথ স্থায়ীভাবে বন্ধ করাসহ তিন দফা দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে সুন্দরবন রক্ষায় আয়োজিত সমাবেশে এ দাবি জানানো হয়।
অপর দুটি দাবি হলো তেলবাহী ট্যাংকারডুবির ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনা ও বনজীবীদের ক্ষতিপূরণ প্রদান এবং সুন্দরবনের কাছে যেসব বিদ্যুৎকেন্দ্র হচ্ছে সেগুলো বন্ধ ঘোষণা করা।
সমাবেশে জাতীয় কমিটির সদস্যসচিব আনু মোহাম্মদ বলেন, সুন্দরবনের ভেতর দিয়ে নৌপথ স্থায়ীভাবে বন্ধে প্রধানমন্ত্রীর নির্দেশ মানছে না নৌপরিবহন মন্ত্রণালয়।
জাতীয় কমিটির আহ্বায়ক মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘সুন্দরবন আমাদের বাঁচায়। তাই সুন্দরবনকেও আমাদের বাঁচাতে হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তানজিমউদ্দীন খান বলেন, সুন্দরবন রক্ষায় সাধারণ মানুষের দাবিদাওয়া শুনলে এ ঘটনা ঘটত না।
সমাবেশ শেষে একটি মিছিল প্রেসক্লাবের সামনে থেকে পল্টন মোড় পর্যন্ত যায়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাসদ, বাসদ (মার্কসবাদী), গণতান্ত্রিক বিপ্লবী পার্টি ও গণসংহতি আন্দোলন এই সমাবেশ এবং মিছিলে অংশ নেয়।