সুন্দরবনের ভেতরের সমস্যা রেখে রামপাল নিয়ে কেঁদে মরছেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ভিডিও কনফারেন্সে বক্তব্য  দেন l ছবি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সৌজন্যে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন l ছবি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সৌজন্যে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুন্দরবন থেকে ১৪ কিলোমিটার দূরে বাস্তবায়নাধীন রামপাল বিদ্যুৎ প্রকল্প নিয়ে পরিবেশবিদেরা কেঁদে মরছেন। কিন্তু দীর্ঘ প্রায় ২১ বছর ধরে বন্ধ থাকা মোংলা-ঘষিয়াখালী নৌ-চ্যানেল নিয়ে তাঁরা কোনো দিন টুঁ-শব্দটিও করেননি। অথচ এটি ছিল সুন্দরবনের একেবারে ভেতরের ঘটনা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মোংলা-ঘষিয়াখালী চ্যানেল উন্মুক্তকরণ এবং নবনির্মিত ১১টি ড্রেজারের কার্যক্রম উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ ছাড়া তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিশুদের সুরক্ষায় পরিচালিত ‘চাইল্ড হেল্প লাইন’ এবং মোংলায় ৫০ হাজার মেট্রিক টন শস্য ধারণক্ষমতাসম্পন্ন খাদ্যগুদাম উদ্বোধন করেন। ভিডিও কনফারেন্স পরিচালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ।
প্রধানমন্ত্রী বলেন, ‘মোংলা-ঘষিয়াখালী নৌ-চ্যানেল বন্ধ থাকার কারণে বিকল্প চ্যানেল হিসেবে সুন্দরবনের শ্যালা নদী দিয়ে নৌযান চলাচলে সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। কিন্তু এ নিয়ে পরিবেশবিদদের টুঁ-শব্দটি করতেও কোনো দিন শুনলাম না। সুন্দরবনের ভেতরের সমস্যা রেখে তাঁরা ১৪ কি‌লোমিটার দূরে অবস্থিত রামপাল প্রকল্প নিয়ে কেঁদে মরছেন।’ তিনি বলেন, বিএনপি এবং পরবর্তী শাসনামলে চ্যানেলের ২৩৪টি প্রবেশমুখ ইজারা দিয়ে সেখানে চিংড়ি চাষের প্রকল্প গড়ে তুলে চ্যানেলটি ধ্বংস করে দেওয়া হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘এই ঘষিয়াখালী চ্যানেলটি বন্ধ হয়ে যাওয়ার ফলে আমাদের সুন্দরবনের শ্যালা নদী দিয়ে জাহাজ চলাচল করত। সেটা কিন্তু ডলফিনের একটা জায়গা। ওই নদীতেই কিন্তু রয়েল বেঙ্গল টাইগার পানি খেতে আসে। ওই জায়গাটায় বন্য প্রাণীর অভয়াশ্রম ছিল। কিন্তু ’৭৫ সালের পরে ২১ বছর যারা ক্ষমতায় ছিল, তারা ঘষিয়াখালী চ্যানেলটি প্রতিবছর ড্রেজিং করে চালু রাখার পদ‌ক্ষেপ তো নেয়ইনি, উল্টো অন্য কাজে ব্যবহার করে এই পথটা প্রায় বন্ধ করে দিয়েছিল। ফলে প্রায় ৮৪ কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিয়ে নৌযানগুলোকে সুন্দরবনের ভেতর দিয়ে চলাচল করতে হতো। এটা সুন্দরবনের জন্যও ক্ষতিকর।’

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিবছর প্রয়োজনীয় ড্রেজিং করে এই চ্যানেলের নাব্যতা রক্ষার ব্যবস্থা করতে হবে। এই চ্যানেল আমাদের ব্যবসা-বাণিজ্যসহ অর্থনৈতিক উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে।’ অনুষ্ঠানে চ্যানেলটির ওপর একটি ভিডিওচিত্রও প্রদর্শন করা হয়।

চাইল্ড হেল্প লাইন উদ্বোধন: ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত এবং ইউনিসেফের আর্থিক ও কারিগরি সহায়তায় চাইল্ড হেল্প লাইন (সিএইচএল) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের শুরুতে চাইল্ড হেল্প লাইন বিষয়ে একটি ভিডিওচিত্র দেখানো হয়।

এর কল সেন্টারের ১০৯৮ নম্বরে ফোন করে ২৪ ঘণ্টা সেবা পাওয়া যাবে। চাইল্ড হেল্পলাইন ১০৯৮-এর কেন্দ্রীয় কল সেন্টারে কর্মরত সমাজকর্মীরা দুস্থ এবং সামাজিক সুবিধাবঞ্চিত শিশুদের টেলিফোনের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য ও কাউন্সেলিং সেবা দিয়ে থাকেন।

মোংলায় সাইলো উদ্বোধন: ভিডিও কনফারেন্সের মাধ্যমে মোংলায় ৫০ হাজার মেট্রিক টন শস্য ধারণক্ষমতাসম্পন্ন খাদ্যগুদামের (সাইলো) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আজ আমরা খাদ্য গুদামজাত করার জন্য সাইলো উদ্বোধন করছি। এখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এই অর্জন আমাদের চিন্তাভাবনার কারণেই সম্ভব হয়েছে।’

শেখ হাসিনা বলেন, ‘আমাদের দেশের মানুষ ভিক্ষা করে যাবে, আর আমি ভিক্ষুকের সরদার হয়ে বসে থাকব, তার জন্য ক্ষমতায় আসিনি। আমরা নিজেরা স্বয়ংসম্পূর্ণ হয়ে চলব।’ এ সময় তিনি দেশের খাদ্য ও কৃষি খাতের উন্নয়নে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন।