সুন্দরবনের ভোলা নদীতে সারবাহী জাহাজ ডোবায় সংসদীয় কমিটির উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন এলাকায় আবারও জাহাজডুবির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি সার বহনকারী এই জাহাজটিকে দ্রুত উদ্ধারের সুপারিশ করেছে।
সংসদ ভবনে গতকাল বৃহস্পতিবার সংসদীয় কমিটির এই বৈঠক হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, এবার সুন্দরবনে সার বহনকারী জাহাজ ডুবেছে। তিন দিন পেরিয়ে গেলেও এটি এখনো উদ্ধার হয়নি। এ নিয়ে সংসদীয় কমিটি উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।
গত মঙ্গলবার এমভি জাভালে নূর প্রায় ৫০০ টন এমপিও সার নিয়ে সুন্দরবনের ভোলা নদীর ডুবোচরে আটকা পড়ে। মালিকপক্ষ উদ্ধারের চেষ্টা করলে জাহাজটির তলা ফেটে পানিতে নিমজ্জিত হয়ে যায়।
এর আগে গত বছরের ৯ ডিসেম্বর সুন্দরবনের শ্যালা নদীতে তিন লাখ লিটার ফার্নেস তেলবাহী একটি জাহাজ ডুবে যায়।
হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলামসহ নবী নেওয়াজ, ইয়াহ্ইয়া চৌধুরী, টিপু সুলতান, মজিবুর রহমান চৌধুরী অংশ নেন।