সুন্দরবনের মাদার নদী থেকে মৃত বাঘ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম সুন্দরবনসংলগ্ন মাদার নদীর জয়খালী এলাকা থেকে গতকাল শনিবার একটি মৃত বাঘ উদ্ধার করেছেন বন বিভাগের সদস্যরা। বন বিভাগের কর্মকর্তারা জানান, একটি মৃত বাঘকে সুন্দরবনসংলগ্ন জয়খালী গ্রামের কাছে মাদার নদীর চরে পড়ে থাকতে দেখে স্থানীয় জেলেরা গতকাল সকালে বন বিভাগকে খবর দেন। বন বিভাগের কৈখালী স্টেশনের বনপ্রহরীদের একটি দল অর্ধগলিত অবস্থায় বাঘটিকে উদ্ধার করে। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া দলটির প্রধান কৈখালী স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা আমির হোসেন মল্লিক জানান, মৃত বাঘটি উদ্ধার করে বন বিভাগের কলাগাছিয়া টহল কার্যালয়ে পাঠানো হয়। শ্যামনগর উপজেলার জয়াখালী গ্রামের জেলে গোলাম মোস্তফা ও সোহরাব হোসেন বলেন, চোরা শিকারিরা বাঘটিকে হত্যা করে মূল্যবান দাঁত ও নখ নিয়ে গেছে বলে তাঁদের ধারণা। তবে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম জানান, বার্ধক্যজনিত কারণে বাঘটির মৃত্যু হয়েছে বলে তাঁরা ধারণা করছেন।