সুন্দরবনের হরিণ বধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন থেকে শিকার করা হরিণের চারটি মাথা ও ৬০ কেজি হরিণের মাংসসহ দুই শিকারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে বাগেরহাটের রামপাল উপজেলার দোয়ানী সেতুর পাশে একটি খাল থেকে ট্রলারসহ তাঁদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা হরিণ শিকারের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন রামপালের বেলাই গ্রামের হোসেন ফরিদ গাজী (২৫) ও মো. সাইফুল গাজী (২৪)। রামপাল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল করিম জানান, দোয়ানী সেতুসংলগ্ন দারোগা বাড়ির খাল থেকে গত মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে একটি ট্রলার, ৬০ কেজি হরিণের মাংস ও চারটি হরিণের মাথাসহ দুই চোরা শিকারিকে আটক করা হয়। তাঁরা সুন্দরবন থেকে ওই খালপথে খুলনা-মংলা মহাসড়ক দিয়ে বাগেরহাট ও খুলনায় যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তাঁদের অপর তিন-চার সহযোগী পালিয়ে যান। এ ঘটনায় তিনি নিজে (এএসআই) বাদী হয়ে একটি মামলা করেছেন। এএসআই আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, তিন দিন আগে তাঁরা হরিণ শিকার করতে সুন্দরবনে যান। দড়ির ফাঁদ দিয়ে চারটি হরিণ শিকার করেন তাঁরা। পরে সেগুলো জবাই করে বড় বড় টুকরো করে বরফ দিয়ে পলিথিন পেঁচিয়ে সংরক্ষণ করেন। দোয়ানীর খাল থেকে খুলনা-মংলা সড়ক পর্যন্ত প্রায় চার কিলোমিটার পথ দ্রুত যাওয়ার জন্য তাঁরা একটি নসিমন জোগাড় করে রেখেছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে নসিমনটি চলে যায়। ঝুঁকি এড়াতে তাঁরা হরিণের চামড়াগুলো সুন্দরবনে তাঁদের পরিচিতদের কাছে রেখে এসেছেন বলে স্বীকার করেছেন। গ্রেপ্তার হওয়া ফরিদ গাজী পুলিশকে জানান, তিনি দীর্ঘদিন ধরে বন্য প্রাণী শিকারের সঙ্গে জড়িত। গত জুনে তিনি ও তাঁর সহযোগীরা সুন্দরবনে হরিণের মাংসের টোপ দিয়ে জাল পেতে একটি রয়েল বেঙ্গল টাইগার শিকার করেছিলেন। বাঘের চামড়াটি সাতক্ষীরার এক ব্যক্তির কাছে ৩৫ হাজার টাকায় বিক্রি করেন তিনি।