সুন্দরবনের ২০ কিলোমিটার দূরে কয়লাবাহী জাহাজডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার সুন্দরবনের হিরন পয়েন্ট থেকে ২০ কিলোমিটার দূরে এক হাজার মেট্রিক টন কয়লাবাহী একটি লাইটার জাহাজ ডুবে গেছে। গতকাল শুক্রবার সকাল আটটায় এমভি আইচগাতি নামের ওই জাহাজটি সুন্দরবনের ভেতর দিয়ে যশোরের নোয়াপাড়ার দিকে রওনা হয়েছিল।

গতকাল রাত সাড়ে আটটা পর্যন্ত জাহাজটি উদ্ধারে কাজ শুরু হয়নি। জাহাজটি ডোবার সময় এতে থাকা ১২ জন কর্মচারী ও ৪ জন নিরাপত্তাকর্মী পার্শ্ববর্তী আরেকটি জাহাজে ওঠায় তাঁদের কোনো ক্ষতি হয়নি। গত তিন বছরে ফার্নেস তেল, সিমেন্টের কাঁচামাল (ফ্লাই অ্যাশ), কয়লা ও সারবাহী মোট নয়টি জাহাজ সুন্দরবন ও এর আশপাশের এলাকায় ডুবে যায়।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা সাইদুল ইসলাম এ ব্যাপারে বলেন, ‘আমরা ইতিমধ্যে জিপিএস-এর মাধ্যমে ডুবে যাওয়া জাহাজটির অবস্থান নির্ণয় করেছি। এটি সুন্দরবনের হিরন পয়েন্ট থেকে ২০ ও দুবলার চর থেকে ২৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে ডুবে গেছে। ডুবে যাওয়া কয়লার কারণে সুন্দরবনের ওই অংশে কোনো প্রভাব পড়ছে কি না, তা পর্যবেক্ষণের জন্য সেখানে টহল জাহাজ পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনাস্থলে যাওয়ার মতো কোনো জলযান নেই। ফলে সেখানে যাওয়া যাচ্ছে না।’

দুর্ঘটনাকবলিত এলাকায় জলজ প্রাণী ও পরিবেশের দীর্ঘ মেয়াদে ক্ষতির আশঙ্কা করে খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান অনুষদের অধ্যাপক ও সুন্দরবন গবেষক আবদুল্লাহ হারুন বলেন, কয়লায় নানা ধরনের বিষাক্ত পদার্থ থাকে। যে কয়লা ডুবেছে, তা নিম্নমানের পিট কয়লা। ইটের ভাটায় ইট পোড়ানোর কাজে এটি ব্যবহৃত হয়। এতে উচ্চ মাত্রায় সালফার থাকে। তেলের দূষণ ভাসমান ও দৃশ্যমান। কিন্তু কয়লার দূষণ দেখা যায় না। এটি তেলের চেয়েও অনেক বেশি বিষাক্ত। যত দূর এই পানি যাবে, সেই পর্যন্ত জলজ প্রাণী ও মাছের ক্ষতি হবে। 

জাহাজটির পণ্য খালাসকারী প্রতিষ্ঠান মেসার্স নুরু অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী হোসাইন মোহাম্মদ জানান,  চ্যানেলের ওই অংশটি খুবই খরস্রোতা। ইঞ্জিনরুমে পানি ঢুকে জাহাজটি পুরোপুরি ডুবে গেছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ওলিউল্লাহ জানান, কার্গো জাহাজটি মূল চ্যানেলের বাইরে ডুবেছে। ফলে বন্দরের চ্যানেলে জাহাজ চলাচলে কোনো সমস্যা নেই।