ভারতের লোকসভা ও রাজ্যসভায় স্থলসীমান্ত বিল পাস হওয়ার খবরে আনন্দে মাতোয়ারা পঞ্চগড়ের তিন উপজেলার ৩৬ ছিটমহলের বাসিন্দারা। তাঁরা এখন নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন। দাবি করছেন, তাঁদের জন্য দ্রুত স্কুল-কলেজের মতো অবকাঠামো নির্মাণ ও পানি-বিদ্যুৎ সরবরাহের।
বিভিন্ন মৌলিক ও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এই মানুষগুলো মর্যাদা নিয়ে জীবনযাপনের জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছিলেন। কয়েক দফায় উভয় দেশের সরকারপ্রধানদের স্মারকলিপি দিয়েছেন। এই বিল পাসের মধ্য দিয়ে তাঁদের আন্দোলন-সংগ্রাম অবশেষে সফল হয়েছে বলে মনে করছেন ওই ছিটমহলবাসীরা।
গত বুধবার বিভিন্ন ছিটমহল ঘুরে সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে এমন সব তথ্য জানা গেছে। বিল পাস হচ্ছে এমন খবরে অনেকের বাড়িতে গত মঙ্গলবার রাতেই ভালো খাবারেরও আয়োজন করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পঞ্চগড়ে ভারতের ৩৬টি ছিটমহল রয়েছে। এসব ছিটমহলে জমির পরিমাণ প্রায় ৬ হাজার ১৯০ একর। পরিবারের সংখ্যা ৩ হাজার ৯৮৭টি। লোকসংখ্যা ১৮ হাজার ৮৯১ জন।
৭০ বছর বয়সী ছিটমহলবাসী আনার আলী বলেন, ‘এখন একটা পরিচয় নিয়ে মরতে পারলে শান্তি পাব। এর থেকে আর বড় পাওয়া কী হতে পারে? ’ ৮০ বছরের রোকেয়া বেগম বলেন, ‘হামার কোনো দ্যাশ নাই। তাতে কুন প্রকার সাহায্য পাই না। শুনেছু এইবার নাকি বাংলাদেশ হবে।’
মো. বছিরউদ্দিন (৭০) বলেন, ‘রাস্তাঘাট নাই। শুকনা সময়ে চলাচল করতে পারলেও বর্ষাকালে অসুবিধা হয়। টোকাপাড়া থেকে কানাপাড়া এবং আমবাড়ী থেকে ইয়ারপাড়া সড়কটি দ্রুত পাকা করতে হবে।’
উপজেলা চেয়ারম্যান ও ছিটমহল বিনিময় কমিটির সহসভাপতি আনোয়ার সাদাত বলেন, ‘অধিবাসীদের জীবনমান উন্নয়নে স্কুল-কলেজ ও হাসপাতাল স্থাপন করতে হবে।’