
দুর্লভ ও বিরল পাখির সন্ধানে ২০১৪ সালের ১৫ মার্চ সাতজনের টিম নিয়ে সুন্দরবনে গেলাম। উদ্দেশ্য, দুর্লভ ও বিরল পাখির সঙ্গে সুন্দরী নামের পাখি দুটোকেও খুঁজে বের করা। করমজল পৌঁছতে বেলা সাড়ে ১১টা বেজে গেল। করমজল পরিচিত জায়গা। এখানে পিকনিক পার্টি ও দর্শনার্থীদের ভিড়-কোলাহলে বার্ডিং করা বেশ কঠিন। তার মাঝেও এক সুন্দরী পাখিকে খুঁজতে এখানে নামা। কিন্তু দুই ঘণ্টা চেষ্টা করেও যখন ওর টিকিটিরও সন্ধান পেলাম না, তখন রণে ভঙ্গ দিয়ে লঞ্চমুখী হলাম। জয়মণির ঘোলের উদ্দেশে লঞ্চ ছেড়ে গেল। প্রকৃতির রূপ দেখতে দেখতে লঞ্চে দুপুরের খাবার খেলাম। এরপর টানা দুই দিন সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে বেশ কিছু দুর্লভ ও বিরল পাখির দেখা পেলাম। কিন্তু সুন্দরী নামের পাখি দুটোর কোনোটিই চোখে পড়ল না। সবচেয়ে কষ্ট করেছি সুন্দরী হাঁস বা গোইলো হাঁসের (Masked Finfoot) দেখা পাওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্য, সঠিক জায়গায় গিয়েও তার দেখা পেলাম না।
দুই দিনব্যাপী পাখির সন্ধান শেষে ১৭ মার্চ জয়মণির ঘোল ঘাট হয়ে আবার করমজল এসে গেলাম। আমি বললাম, ‘একটা শেষ চেষ্টা করতে চাই, মন বলছে একটি সুন্দরীর দেখা অবশ্যই পাব।’ মাত্র দুই ঘণ্টা সময়। বেশ কিছু পাখিও পেলাম, তবে কোনো সুন্দরী নয়। সময় শেষ, কাজেই সবাই লঞ্চমুখী হলো। কিন্তু আমি ও আলী রেজা হায়দার আরেকটু চেষ্টা করতে চাইলাম। হঠাৎই ক্ষীণ স্বরে ‘কুহু-কুউ, কুহু-কুউ’ ডাক কানে এল। রেজাকে বললাম, ‘মনে হচ্ছে কোনো ভালো খবর হবে।’ ডাক অনুসরণ করে বেশ কাছাকাছি চলে এলাম। বোঝাই যাচ্ছে, দুটি পাখি আছে। একটি বেশ কাছেই ডাকছে। ওর ডাকের উত্তর দিচ্ছে খানিকটা দূর থেকে আরেকটি। হঠাৎই ফিসফিসিয়ে উঠল রেজা, ‘ওই যে গাছের ডালে।’ আর যায় কোথায়! পটাপট ক্লিক করে গেলাম। মন ভরে গেল, চোখ জুড়াল।
সুন্দরবনের এই সুন্দরী আর কেউ নয়, এ দেশের দুর্লভ আবাসিক পাখি সুন্দরী শুমচা (Mangrove Pitta)। সুন্দরী হালতি বা সুন্দরবনের শুমচা নামেও পরিচিত। পিট্টিডি পরিবারভুক্ত পাখিটির বৈজ্ঞানিক নাম Pitta megarhyncha (পিট্টা ম্যাগারিনকা)।
সুন্দরী শুমচা ছোট লেজি পাখি। লম্বায় ২৩ সেন্টিমিটার এবং ওজনে ১১৩ গ্রাম। একনজরে সাদা হালতি বা দেশি শুমচার (Indian Pitta) মতো দেখতে। তবে চোখের চারদিকের সাদা বলয়টি নেই, আর আকারেও কিছুটা বড়। পিট্টা পরিবারের পাখিদের মধ্যে এদের ঠোঁটই সবচেয়ে লম্বা। সুন্দরী শুমচার মাথার চাঁদি বেশি গাঢ়। চোখের ওপর থেকে ঘাড় পর্যন্ত কাজলরেখাটি বেশ চওড়া। কাঁধের নীল পট্টি বা ছোপ বেশ বিস্তৃত ও ঠোঁট বড়। প্রাপ্তবয়স্ক পাখির ডানা ও পিঠের ওপরটা গাঢ় সবুজ। ডানার পালকের তলা, পালক-ডাকনী ও লেজের পালকের তলা গাঢ় নীল। ওড়ার সময় ডানার কালো প্রান্তে সাদা গোলাকার পট্টি নজরে আসে। বুক-পেট গাঢ় হলদে-বাদামি। তলপেট ও লেজের তলা টুকটুকে লাল। থুতনি ও গলা সাদা। মজবুত ও শক্ত ঠোঁটটি কালো। পা ও পায়ের পাতা গোলাপি। পুরুষ ও স্ত্রী দেখতে একই রকম। বাচ্চাগুলোর দেহের ওপরটা কিছুটা বাদামি, নিচটা অনুজ্জ্বল ও কিছুটা হলদে-বাদামি। মাথার রং হালকা বাদামি।
সুন্দরী হালতি গরান (Mangrove) বনের বাসিন্দা। সুন্দরবন ও আশপাশের জঙ্গলে বাস করে। এরা দিবাচর ও সান্ধ্যচারী, তবে সহজে চোখে পড়ে না। বনের পাখি হলেও মাঝেমধ্যে সুন্দরবনের লাগোয়া গ্রামের ঝোপঝাড় ও বন-বাগানেও দু-তিন দিন কাটিয়ে আসে। একাকী বা জোড়ায় থাকে। ঝোপঝাড়ের নিচের স্যাঁতসেঁতে মাটিতে বিচরণ করে। বন-বাগানের মধ্য দিয়ে দ্রুতবেগে ও নিঃশব্দে ওড়ে। মাটিতে লাফিয়ে লাফিয়ে পড়ে থাকা শুকনো বা পচা পাতা উল্টিয়ে কেঁচো, পোকামাকড় ও ছোট ছোট প্রাণী খায়। গলার স্বর বেশ মিষ্টি। চিকন সুরে বারবার ‘কুহু-কেউ, কুহু-কেউ, কুহু-কুউ’ স্বরে ডাকে।
মার্চ-সেপ্টেম্বর প্রজননকাল। মাটি থেকে স্বল্প উচ্চতায় কোনো উঁচু ঢিবি, ঝোপঝাড় বা ছোট গাছের ডালে শুকনো লতা-পাতা-ঘাস দিয়ে গোলগাল বাসা বানায়। বাসা হয় বেশ পুরু, মজবুত ও আরামদায়ক। বাসার এক পাশে গোলাকার দরজা। ডিম পাড়ে তিন থেকে পাঁচটি। ডিমের রং সাদা, তার ওপর গাঢ় খয়েরি বা বেগুনি রঙের ছিট। ডিম ফোটে ১৩ থেকে ১৬ দিনের মধ্যে। বাচ্চারা বেশ তাড়াতাড়ি বেড়ে ওঠে এবং বাসা ছাড়ে।