সুন্দলপুরের গ্যাস জাতীয় গ্রিডে
নোয়াখালীর কোম্পানীগঞ্জের শাহজাদপুর গ্রামের সুন্দলপুর গ্যাসক্ষেত্র থেকে গতকাল শনিবার জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এদিকে এই গ্যাসক্ষেত্রের গ্যাস নোয়াখালীর উন্নয়নে ব্যবহারের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন।গতকাল দুপুর ১২টার দিকে পরীক্ষামূলকভাবে গ্রিড লাইনে গ্যাস সরবরাহ করা হয় বলে বাপেক্সের প্রকল্প পরিচালক মো. আবদুল হালিম প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরীক্ষামূলক গ্যাস উত্তোলন কার্যক্রম কয়েক দিন পর্যবেক্ষণ করা হবে। এরপর আনুষ্ঠানিকভাবে গ্যাসক্ষেত্রটি উদ্বোধন করা হবে।প্রকল্প পরিচালক জানান, এ গ্যাসক্ষেত্রে উত্তোলনযোগ্য সম্ভাব্য ৫০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে। প্রতিদিন জাতীয় গ্রিডে ১০-১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে।এদিকে স্থানীয় লোকজন গ্যাসক্ষেত্রটির নাম গ্রামের নাম অনুসারে শাহজাদপুর গ্যাসক্ষেত্র করা এবং এই গ্যাস দিয়ে নোয়াখালীতে গ্যাসনির্ভর শিল্প-কারখানা গড়ে তুলতে সরকারিভাবে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।শাহজাদপুর গ্রামের বাসিন্দা জুলফিকার আহম্মেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা শুনছি শাহজাদপুর ছাড়া নোয়াখালীর বেগমগঞ্জ থেকেও শিগগির গ্যাস উত্তোলন করা হবে। এটি ভালো উদ্যোগ। তবে এই গ্যাস যেন নোয়াখালীর উন্নয়নে কাজে লাগানো যায়, সে ব্যবস্থা করতে হবে।’