সুন্দলপুরের সর্বত্র উৎসবের আমেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল বুধবার সকাল প্রায় সাড়ে আটটা। হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে নোয়াখালীর কোম্পানীগঞ্জের সুন্দলপুর গ্যাসক্ষেত্রের আশপাশের এলাকা। মানুষজন কিছুটা আতঙ্কিত হয়ে পড়ে, তাদের স্বপ্নের গ্যাসক্ষেত্রে কোনো বিপদ ঘটল কি না!কিন্তু এরই মধ্যে খবর ছড়িয়ে পড়ল চারদিকে—ওই শব্দটি কোনো বিপদের নয়, আশার। তাদের বাড়ির পাশের গ্যাসক্ষেত্রটিতে গ্যাসের বিপুল মজুদ আবিষ্কৃত হয়েছে। গ্যাসের চাপ পরীক্ষা করার জন্য কয়েক শ গজ দূরে খোলা মাঠে ইতিপূর্বে বসানো পাইপের মুখে আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বিকট শব্দ হয়।গ্যাসক্ষেত্রটির খবরে মুহূর্তের মধ্যে শাহজাদপুর গ্রামের মানুষের মধ্যে আনন্দ আর উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। গ্রামের নারী-পুরুষ, কিশোর-তরুণসহ সব বয়সের লোক ছুটতে থাকে দৃশ্যটি দেখার জন্য। খবর ছড়িয়ে পড়ে আশপাশের গ্রামেও। অল্প সময়ের মধ্যেই শত শত মানুষ এখানে ভিড় করে।দর্শনার্থীরা জানান, প্রায় এক কিলোমিটার দূর থেকেও শব্দটি শোনা গেছে। তাই তাঁরা একনজর দেখতে এসেছেন। এ সময় উৎসুক জনতার ভিড় সামলাতে বাপেক্সের কর্মীদের হিমশিম খেতে হয়।শত আনন্দের মধ্যেও শাহজাদপুরবাসী তাদের একটি দাবির কথা ভোলেনি। সেটি হলো, সুন্দলপুর গ্যাসক্ষেত্রের নাম ‘শাহজাদপুর গ্যাসক্ষেত্র’ করা এবং শাহজাদপুরসহ পুরো সিরাজপুর ইউনিয়নের বাসিন্দাদের গ্যাস দেওয়া।শাহজাদপুরের আবুল খায়ের প্রথম আলোকে বলেন, ‘আমাদের গ্রামে পাওয়া গ্যাসক্ষেত্রের নাম এই গ্রামের নামানুসারেই হতে হবে। আমরা যেন রান্নার কাজে এই গ্যাস ব্যবহার করতে পারি। কূপ খননের আনুষ্ঠানিক উদ্বোধনকালে বিদ্যুৎ প্রতিমন্ত্রীও আমাদের গ্রামের নাম অনুসারে গ্যাসক্ষেত্রের নামকরণের ঘোষণা দিয়েছিলেন। আমরা সেই ঘোষণার বাস্তবায়ন চাই।’সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী বলেন, ‘সিরাজপুরের শাহজাদপুরের গ্যাস সারা দেশে যাবে। এটি আমাদের জন্য গর্বের। এর ফলে দেশ-বিদেশে কোম্পানীগঞ্জের পরিচিতি আরও বাড়বে। আমরা আশা করি, এই গ্যাস দিয়ে নোয়াখালীরও আরও উন্নয়ন হবে।’সুন্দলপুর গ্যাসক্ষেত্রের ড্রিলিং ইনজার্চ সহিদ উল্লা বলেন, ক্ষেত্রটিতে গ্যাস আবিষ্কৃত হয়েছে। পরীক্ষামূলকভাবে আগুন জ্বালিয়ে রাখা হয়েছে সার্বক্ষণিক গ্যাসের চাপ পর্যবেক্ষণ করার জন্য। একটানা তিন দিন বা ৭২ ঘণ্টা পাইপের মুখে আগুন জ্বালানো থাকবে। এতে স্থানীয় লোকজনের আতঙ্কিত হওয়ার কিছু নেই।