হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের পঞ্চায়েত কমিটির বিরুদ্ধে দুই ভাইকে একঘরে করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গতকাল মঙ্গলবার অভিযোগ করেছেন ওই দুজন।
গত ১২ ফেব্রুয়ারি ওই গ্রামে পঞ্চায়েত কমিটির আধিপত্য নিয়ে বিরোধের জের ধরে চার শিশুকে হত্যা করা হয়। এ মামলায় অভিযুক্ত নয়জনের মধ্যে পাঁচজন গ্রেপ্তার আছেন। মামলাটি এখনো বিচারাধীন। এ ঘটনার রেশ কাটতে না-কাটতেই গ্রামটির পঞ্চায়েত কমিটি নিয়ে আবার অভিযোগ উঠল।
অভিযোগ সূত্রে জানা যায়, সুন্দ্রাটিকি গ্রামের মামুন মিয়া ও ফারুক আহমেদ দীর্ঘদিন ধরে স্টেশনারি, মুদি ও হার্ডওয়্যার সামগ্রীর ব্যবসা করে আসছেন। সম্প্রতি সুন্দ্রাটিকি গ্রামের লোকদের সঙ্গে আশপাশের কয়েকটি গ্রামের মানুষের সংঘর্ষ হয়। এ সময় মামুন মিয়া ও ফারুক আহমেদের ব্যবসাপ্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। এ ক্ষতি কাটিয়ে উঠতে গ্রামের পঞ্চায়েত কমিটি তাদের কিছু জমি বিক্রি করে। এ অর্থ থেকে সবাইকে ক্ষতিপূরণ দেওয়া হলেও মামুন ও ফারুককে তা দেওয়া হয়নি। তাঁরা এ নিয়ে পঞ্চায়েতের মুরব্বিদের সঙ্গে যোগাযোগ করেও সদুত্তর পাননি। একপর্যায়ে তাঁরা পঞ্চায়েতের কিছু জমি দখল করেন।
মামুন মিয়া ও ফারুক আহমেদ স্বীকার করেন, ক্ষতিপূরণ না পেয়ে তাঁরা ক্ষোভে ওই জমি দখল করেছেন।
এর পরিপ্রেক্ষিতে গত সোমবার সকাল ১০টার দিকে স্থানীয় স্লুইসগেট কার্যালয়ে সুন্দ্রাটিকি গ্রাম পঞ্চায়েতের সভা হয়। এতে পঞ্চায়েতের প্রধান মুরব্বি ফরিদ মিয়া সভাপতিত্ব করেন। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবদুল হাই, উস্তার মিয়া, কাঞ্চন মিয়া, নূর মিয়া, টেনু মিয়া, আখল মিয়া, আমির উল্লা প্রমুখ। সেখানে মামুন মিয়া ও ফারুক আহমেদের উপস্থিতিতে বৈঠক বসে। সভায় এ দুজনকে একঘরে করার সিদ্ধান্ত হয়। বলা হয়, ওই দুজনের সঙ্গে গ্রামের কারও সামাজিক যোগাযোগ থাকবে না। পাশাপাশি তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে গ্রামের কেউ কেনাকাটা করবে না। সিদ্ধান্ত ভঙ্গকারীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে। এরপর থেকে ওই দুই ব্যবসায়ীর দোকানপাটে কেনাকাটা বন্ধ রয়েছে। তাঁদের স্বাভাবিক জীবনযাপন বন্ধ হয়ে পড়েছে।
মামুন মিয়া বলেন, পঞ্চায়েতের রায় ঘোষণার পর গ্রামের সবাই তাঁদের এড়িয়ে চলছেন। তাঁরা স্বাভাবিক জীবনে ফিরতে চান। এ ব্যাপারে সুন্দ্রাটিকি গ্রামের পঞ্চায়েত প্রধান ফরিদ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ব্যবসায়ী মামুন, ফারুক ও হারুন গ্রামের মুরব্বিদের সম্মান করেন না। তাঁরা পঞ্চায়েতের জমি দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তাঁদের সামাজিকভাবে চাপ সৃষ্টির জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইউএনও সাইফুল ইসলাম বলেন, পঞ্চায়েত এ ধরনের সিদ্ধান্ত দিতে পারে না। কমিটির সদস্যদের সশরীরে তাঁর কার্যালয়ে উপস্থিত হয়ে জবাবদিহির জন্য নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি একঘরে করে রাখা পরিবারের সদস্যদের নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশকে বলা হয়েছে।