সুন্নিদের বিক্ষোভ মিছিল
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মদিনা থেকে রওজা শরিফ স্থানান্তর প্রস্তাবের প্রতিবাদ এবং সুপ্রিম কোর্টের জামে মসজিদের খতিব শাইখ নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সুন্নি মতাদর্শে বিশ্বাসী গাউসিয়া কমিটি গতকাল শুক্রবার বাদ জুমা চট্টগ্রামে বিক্ষোভ করেছে।
গতকাল জুমার পর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কাজীর দেউড়ি হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাব চত্বরে সমাবেশ করে গাউসিয়া কমিটি।
প্রেসক্লাব চত্বরের সমাবেশে বক্তারা বলেন, সৌদি সরকার আগুন নিয়ে খেলছে। মদিনা শরিফ থেকে রওজা শরিফ স্থানান্তরের চেষ্টা হলে বিশ্বের মুসলমান সম্প্রদায় চুপ করে বসে থাকবে না, যেকোনো কিছুর বিনিময়ে এই অপচেষ্টা ঠেকাবে। সৌদি রাজতন্ত্রের বিরুদ্ধে গোটা বিশ্বের মুসলমানরা জেহাদ ঘোষণা করবে।
বক্তারা সুপ্রিম কোর্টের জামে মসজিদের খতিব শাইখ নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তাঁরা বলেন, ১০ দিন পেরিয়ে গেলেও আসল হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়নি। ইতিমধ্যে হত্যার মূল পরিকল্পনাকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে। তাঁদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। মূল পরিকল্পনাকারীদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে খুনিদের পরিচয় পাওয়া যাবে।
প্রেসক্লাবের সমাবেশে সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ। এতে বক্তৃতা করেন শাহজাদ বিন দিদার, স উ ম আবদুস সামাদ, মোছাহেব উদ্দিন বখতেয়ার, মাহবুবুল আলম প্রমুখ।