সুপথে ফেরার অঙ্গীকার নওগাঁর ৪৬ মাদকবিক্রেতার
মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করেছেন নওগাঁর ৪৬ জন মাদকবিক্রেতা। গতকাল মঙ্গলবার নওগাঁ সদর ও সাপাহার উপজেলায় মাদকবিরোধী সমাবেশে পুলিশের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে সুস্থ জীবনে ফিরে আসার প্রতিশ্রুতি দেন।
নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটি আয়োজিত মাদকবিরোধী সমাবেশে গতকাল বিকেলে স্থানীয় ২৬ জন মাদক ব্যবসায়ী পুলিশের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসপি মোজাম্মেল হক।
সাপাহার থানা-পুলিশের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার অঙ্গীকার করেন স্থানীয় ২০ মাদকবিক্রেতা।
এসপি মোজাম্মেল হক বলেন, ‘নওগাঁয় যোগ দেওয়ার পর থেকেই নওগাঁকে মাদকমুক্ত করার অঙ্গীকার করেছিলাম। এরই অংশ হিসেবে চলতি মাসে নওগাঁয় এ পর্যন্ত ১৯৩ জন মাদক ব্যবসায়ী পুলিশের কাছে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করেছেন।’