দুপচাঁচিয়ার অর্জুনগাড়ী মাদ্রাসা
সুপার ও সহকারী সুপারের দ্বন্দ্ব, শিক্ষার্থীদের ক্লাস বর্জন
বগুড়ার দুপচাঁচিয়া অর্জুনগাড়ী তাজ সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সুপার ও সহকারী সুপারের দ্বন্দ্বে ক্লাস বন্ধ করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
নাশকতা মামলার আসামি মাদ্রাসার সুপার আবদুল কাদের গ্রেপ্তার হওয়ার পর সহকারী সুপার লিয়াকত আলী ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব নেন। আবদুল কাদের জামিন নিয়ে আবার মাদ্রাসার সুপারের দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা ক্ষুব্ধ হন।
গতকাল বৃহস্পতিবার মাদ্রাসায় গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা ক্লাস বন্ধ রেখে মাদ্রাসার চত্বরে বিক্ষোভ মিছিল করছে। শিক্ষকেরা ক্লাসে না গিয়ে অফিসে বসে আছেন। বেশির ভাগ শিক্ষার্থী মাদ্রাসা থেকে চলে যায়। তবে মাদ্রাসায় সুপার আবদুল কাদের ছিলেন না।
বিক্ষোভকারী শিক্ষার্থীদের মধ্যে দশম শ্রেণির জিহাদুল ইসলাম, অষ্টম শ্রেণির নুর আলম ও খাদিজা খাতুন জানায়, সুপার আবদুল কাদের ঠিকমতো মাদ্রাসায় আসেন না। এর আগে অনেক দিন পালিয়ে ছিলেন। ভারপ্রাপ্ত সুপার লিয়াকত আলী দায়িত্ব নেওয়ার পর থেকে ঠিকমতো ক্লাস হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সুপার আবদুল কাদের জামায়াতের রুকন। তিনি ২০১৩ সালের ৩ মার্চের নাশকতা মামলার আসামি। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এরপর সহকারী সুপার লিয়াকত আলী ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব পান। আবদুল কাদের জামিন নিয়ে আসার পর মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতির সঙ্গে সমঝোতা করে তিনি আবার সুপারের দায়িত্ব নেন। এরপর থেকেই মাদ্রাসার শৃঙ্খলা নষ্ট হয়ে পড়ে।
সুপার আবদুল কাদের মুঠোফোনে বলেন, লিয়াকত আলী ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব নিয়ে আর্থিক অনিয়ম করেছেন। তাঁর বিরুদ্ধে কমিটি ব্যবস্থা নিতে যাওয়ায় তিনি স্থানীয় লোকজন ডেকে এনে মাদ্রাসার শৃঙ্খলা ভঙ্গ করেছেন।
লিয়াকত আলী বলেন, আবদুল কাদেরের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আছে। তিনি মাদ্রাসায় শিক্ষক নিয়োগের পাঁয়তারা করার জন্য কমিটির সভাপতির সঙ্গে সমঝোতা করে সুপারের দায়িত্ব নিয়েছেন।
এ ব্যাপারে মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, সুপার গ্রেপ্তার হওয়ার পর লিয়াকত আলীকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়। লিয়াকত দায়িত্ব নিয়ে কোনো হিসাব-নিকাশ কমিটিকে না দেওয়ায় তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।