সুপারক্রিট-প্রথম আলো উত্সবের শেষ দিনে চুয়েটে তারুণ্যের জয়গান
সহিংসতা নয়, মেধা ও মননের সমন্বয়ে দেশ গড়ার ক্ষেত্রে তরুণদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ‘সুপারক্রিট সিমেন্ট-প্রথম আলো চুয়েটডিএস তারুণ্যের উত্সব-২০১০’-এর তিন দিনব্যাপী উত্সবের শেষ দিনে অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম এ কথা বলেন। উত্সবের শেষ দিনে বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে প্রতিদ্বন্দ্বিতা করে চুয়েট নীড় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিবর্তন। এতে চ্যাম্পিয়ন হয় চুয়েট নীড়। বিতর্ক অনুষ্ঠান শেষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন অধ্যাপক ড. সৈয়দ মনজরুল ইসলাম, সাহিত্যিক ও সাংবাদিক বিশ্বজিত্ চৌধুরী, সুপারক্রিট সিমেন্টের বিপণন প্রধান মো. জাভেদ। অধ্যাপক মনজরুল ইসলাম বলেন, ‘আমার ক্যাম্পাস আজ রক্তাক্ত। কিন্তু বসন্তের প্রথম দিনে চুয়েট ক্যাম্পাসে তরুণদের উচ্ছ্বাস দেখে ভালো লাগছে।’সুপারক্রিট সিমেন্টের বিপণন প্রধান মো. জাভেদ বলেন, ‘চুয়েট ডিবেটিং সোসাইটির তারুণ্যের উত্সবে নিজেদের যুক্ত করতে পেরে আনন্দিত। আমরা তরুণদের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব।’সন্ধ্যায় দেশের আটটি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উত্সব হয়। গত ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী ‘সুপারক্রিট সিমেন্ট-প্রথম আলো চুয়েটডিএস তারুণ্যের উত্সব-২০১০’ শুরু হয়। এতে বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক উত্সব, আন্তবিশ্ববিদ্যালয় হার্ডওয়্যার ও সফটওয়্যারভিত্তিক প্রকল্প প্রদর্শনী এবং আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উত্সব। উত্সবের প্রথম দিনে ছিল দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৬টি দলের অংশগ্রহণে আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা এবং গ্রুপ থিয়েটার দেওয়ান গাজীর কিস্সা। নাগরিক নাট্য সম্প্রদায়ের এ সাড়া জাগানো নাটকটি মঞ্চে তোলে চুয়েট ডিবেটিং সোসাইটির প্রভাতফেরির কর্মীরা। প্রথম দিন প্রধান অতিথি ছিলেন শতবর্ষী মহান বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী। উত্সবের দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয় আন্তবিশ্ববিদ্যালয় হার্ডওয়্যার ও সফটওয়্যারভিত্তিক প্রকল্প প্রদর্শনী।