সুপারভাইজারকে গ্রেপ্তারের প্রতিবাদে বাস ধর্মঘট
মেহেরপুর জেলা বাস শ্রমিক ইউনিয়নের আহ্বানে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের একাংশে বাস ধর্মঘট চলছে। হেরোইনসহ একটি যাত্রীবাহী বাসের সুপারভাইজারকে গ্রেপ্তারের প্রতিবাদে ১৮ জুন থেকে তারা এ ধর্মঘট করছে।জেলা বাস শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, ওই সুপারভাইজারকে অবিলম্বে মুক্তি না দেওয়া হলে তারা জেলার সব সড়কে বাস ধর্মঘটের ডাক দেবে।জানা গেছে, ৯ জুন মেহেরপুর থেকে শিশির পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস কুষ্টিয়া যাচ্ছিল। কুষ্টিয়ার মীরপুর উপজেলার মশান বাজারের কাছে এলে র্যাব বাসটি আটক করে।কুষ্টিয়া র্যাব-১২-এর ভাষ্য অনুযায়ী, বিপুল পরিমাণ হেরোইন পাচার হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে র্যাবের সদস্যরা ওই বাসে অভিযান চালান। এ সময় একটি প্যাকেট লুকানোর সময় গাড়ির সুপারভাইজার সিরাজুল ইসলামকে সন্দেহজনকভাবে আটক করে র্যাব। পরে ওই প্যাকেটে এক কেজি হেরোইন পাওয়া যায়। এর আনুমানিক দাম দেড় কোটি টাকা। সিরাজুলের বাড়ি মেহেরপুর শহরের শেখপাড়ায়। মীরপুর থানার পুলিশ তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। বর্তমানে তিনি কুষ্টিয়া জেলা কারাগারে আছেন।জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস বলেন, আগামী তিন দিনের মধ্যে ওই সুপারভাইজারকে মুক্তি না দিলে মেহেরপুর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় বাস ধর্মঘট শুরু হবে।