সুপারমুন দেখল পৃথিবীর মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদা চোখেই বোঝা যাচ্ছিল, অন্য যেকোনো দিনের চেয়ে গতকাল শনিবারের চাঁদটা অন্য রকম। সচরাচর এমন ভরাট ও উজ্জ্বল চাঁদের দেখা মেলে না। বিজ্ঞানীরা বলছেন, এটি ‘সুপারমুন’। বৈজ্ঞানিক ব্যাখ্যা যা-ই থাকুক না কেন, গতকালের অসাধারণ এই চাঁদের সৌন্দর্য উপভোগ করতে মানুষের বেশ আগ্রহ ছিল। সংসদ ভবন ও সংসদ এলাকাসহ বিভিন্ন জায়গা থেকে মানুষ এই চাঁদ দেখেছেন। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে গতকালের চাঁদ নিয়ে সাধারণ মানুষ ও বিজ্ঞানীদের আগ্রহ ছিল। বিজ্ঞান সংগঠন অনুসন্ধিৎসু চক্র সুপারমুন পর্যবেক্ষণ ও বৈজ্ঞানিক তথ্য সংগ্রহে গতকাল রাজধানীর বোটানিক্যাল গার্ডেনে জ্যোতির্বৈজ্ঞানিক ক্যাম্প করে। ক্যাম্পটির অবস্থান ছিল ২৩ ডিগ্রি ৪৯ মিনিট ২৮ সেকেন্ড উত্তর অক্ষাংশ এবং ৯০ ডিগ্রি ২০ মিনিট ৫২ দশমিক ৪ সেকেন্ড পূর্ব দ্রাঘিমাংশে। ক্যাম্পটি পরিচালনা করেন অনুসন্ধিৎসু চক্রের জ্যোতির্বিজ্ঞান শাখার সহসভাপতি নাঈমুল ইসলাম অপু, কেন্দ্রীয় প্রকল্প সম্পাদক সাদ্দাম হোসেন, হ্যাম ইমার্জেন্সি রেডিও সার্ভিসের তামিম জমসীদ প্রমুখ। সাদ্দাম হোসেন জানান, সন্ধ্যা সাতটায় বাংলাদেশ থেকে সুপারমুনের ঔজ্জ্বল্য শূন্য দশমিক ২ লাক্স (২০০ লাক্স-রেঞ্জ) রেকর্ড করা হয়েছে। গতকালের এই চাঁদ সাধারণভাবে দৃশ্যমান চাঁদের চেয়ে ১৪ শতাংশ বড় ও ৩০ শতাংশ বেশি উজ্জ্বল ছিল। এর আগে ১৯৯২ সালে চাঁদ পৃথিবীর এত কাছে এসেছিল।